তৈরি পোশাকশিল্পে কর্মরত নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে বৈষম্য দূর করে নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। এ জন্য গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয়। বিজিএমইএ ও ইউএনএফপিএ যৌথভাবে এ সভা আয়োজন করে।
সভায় জানানো হয়, ইউএনএফপিএ-এর সহায়তায় ‘গার্মেন্টস শ্রমিকদের লিঙ্গবৈষম্য পরিবর্তন-চেইঞ্জ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে বিজিএমইএ। প্রকল্পের আওতায় পাইলট ভিত্তিতে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকার ৪০টি পোশাক কারখানায় এ বিষয়ে শ্রমিকদের সচেতন করতে কর্মশালা, প্রশিক্ষণ ও সভার আয়োজন করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ছয় লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা ৫২ কোটি টাকা। অক্টোবর ২০১৪ থেকে শুরু করে প্রকল্পটি শেষ হবে ২০১৬ সালের ডিসেম্বরে।
সভায় প্রকল্পের বিভিন্ন বিষয়ে উপস্থাপনা দেন স্বাধীন পরামর্শক জুলিয়া আহমেদ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০১১ সালের এক জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি এ সময় বলেন, ‘৮৪ দশমিক ৭ শতাংশ নারী পোশাকশ্রমিক কর্মক্ষেত্রে যৌন হয়রানিসহ নানা নির্যাতনের শিকার হচ্ছেন। অন্যান্য খাতে কর্মরত শ্রমজীবী নারীদের ক্ষেত্রে এ হার ১০০ শতাংশ।’
তবে তাঁর এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক ও শ্রমসচিব মিকাইল শিপার।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘নারী শ্রমিক হয়রানি কিছুটা থাকলেও তা ৮৪ শতাংশ হতে পারে না। যে শিল্পে ৮৫ শতাংশ নারী সেখানে ১৫ শতাংশ পুরুষ কী করে ৮৪ শতাংশ নারীকে হয়রানি করতে পারে?’
হয়রানি প্রসঙ্গে মিকাইল শিপার বলেন, ‘আমার মনে হয় না বাংলাদেশের পোশাকশিল্পের নারী শ্রমিকদের এত খারাপ অবস্থা। এখানে কোনো একটা ফাঁক আছে।’
তবে কত শতাংশ নারী পোশাকশ্রমিক কর্মক্ষেত্রে হয়রানির শিকার হন তার কোনো পরিসংখ্যান শ্রম প্রতিমন্ত্রী ও শ্রমসচিবের কেউই দিতে পারেননি।
পোশাক খাতে নারীদের কর্মপরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে দাবি করে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘১০ বছর আগে নারী পোশাকশ্রমিকদের যে কর্মপরিবেশ ছিল আজ আর তা নেই। পোশাকশিল্পের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন সম্ভব হচ্ছে।’
সভায় আরও বক্তব্য দেন ইউএনএফপিএর আবাসিক প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিকিন, বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান প্রমুখ।