নারীই ক্রেতা, নারীই বিক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জয়িতায় নারী উদ্যোক্তাদের তৈরি করা পোশাক দেখছেন ক্রেতারা l প্রথম আলো
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জয়িতায় নারী উদ্যোক্তাদের তৈরি করা পোশাক দেখছেন ক্রেতারা l প্রথম আলো

নারীদের ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করতে চলতি বছরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুধু নারী উদ্যোক্তাদের জন্য কিছু স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় হরেকরকম স্টলের মধ্যে আলাদাভাবে নজর কাড়ছে এসব স্টল। বেচাবিক্রিও মন্দ নয়। স্টলগুলোর দায়িত্বে থাকা নারী উদ্যোক্তারা বলছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ভালো হলে তাঁদের ব্যবসা আরও ভালো হবে।
নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ সরকারের উদ্যোগে গঠিত একটি সংগঠন জয়িতা। জয়িতার ২০ জন নারী উদ্যোক্তার তৈরি হরেকরকমের পণ্য প্রদর্শিত হচ্ছে জয়িতার স্টলে। স্টল ঘুরে দেখা যায়: শাড়ি, থ্রিপিস, নকশি চাদর, শতরঞ্জি, মাটির বাসনকোসন, শীতের পিঠা, ঘর সাজানোর নানা জিনিস। স্টলটির বিক্রয় থেকে শুরু করে ব্যবস্থাপনার সব কাজ নারীরাই সামাল দিচ্ছেন।
স্টলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জয়িতার উদ্যোক্তা রুবিয়া হেলাল বলেন, ‘ধানমন্ডির রাপা প্লাজায় জয়িতার নিজস্ব শোরুমে যেসব পণ্য আমরা বিক্রি করি মূলত সেগুলোই মেলায় প্রদর্শন করছি। সারা দেশে আমাদের সংগঠনের সদস্য নারীরাই আমাদের পণ্য তৈরি করেন, এখানে বাইরের কোনো পণ্য নেই।’
বেচাকেনার প্রসঙ্গে তিনি বলেন, ‘বেচাকেনা এখনো তেমন ভালো না। আমাদের প্রত্যাশা ছিল প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ হাজার টাকার পণ্য বিক্রি করা। এখন পর্যন্ত গড়ে বিক্রি করছি ১০ হাজার টাকার কম।’
সুতির শাড়ি ১ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা, থ্রিপিস ৫০০ থেকে ২ হাজার টাকা, বিভিন্ন ধরনের কুশনের দাম ২৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। মেলা উপলক্ষে নিয়মিত মূল্যের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা ছাড়ে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে বলে জানালেন রুবিয়া হেলাল।
জয়িতা স্টলটিতে নকশি চাদর দেখছিলেন আগারগাঁও থেকে আসা সিফাত নূর। তিনি জানালেন, নারী বিক্রয়কর্মীরা থাকায় বেশ স্বাচ্ছন্দ্যে সবকিছু দেখতে পারছেন।
মেলায় নারীদের তৈরি সব পণ্য নিয়ে সাজানো হয়েছে সাবাহ বাংলাদেশ নামের একটি স্টল। সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে (এসডিএফ) গঠিত এ সংস্থাটি বাংলাদেশের তৃণমূল এলাকার নারীদের পণ্য তৈরিতে প্রশিক্ষণ দিয়ে তাঁদের কাছে পণ্য কিনে বাজারজাত করে।
স্টলটির বিশেষ আকর্ষণ শিশুদের নানা পোশাক। সর্বনিম্ন ৬০ থেকে শুরু করে ৫০০ টাকায় শিশুদের পোশাক কিনতে পাওয়া যাচ্ছে এখানে। এ ছাড়াও আছে হাতে তৈরি আকর্ষণীয় কয়েক ধরনের হাতব্যাগ। এসব ব্যাগের দাম পড়বে ১০০ থেকে ৩৫০ টাকার মধ্যে। মেলা উপলক্ষে শিশুদের পোশাকে ৫ থেকে ২০ শতাংশ মূল্য ছাড় দেওয়া হচ্ছে সাবাহর স্টলে।
স্টলটির ব্যবস্থাপক জানালেন রংপুর, রাঙামাটি, দিনাজপুর, যশোর, জামালপুর, রাজশাহীতে নিজস্ব প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দিয়ে পণ্য তৈরি করা হয়। কোন পণ্য কীভাবে তৈরি করতে হবে তার নকশাও সরবরাহ করা হয় নারীদের।
নারীদের পরিচালিত এমন আরেকটি স্টল তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি বা গ্রাসরুটস। শিল্পকুটির, রমণী বুটিকস, সাথী এন্টারপ্রাইজ, রংতুলি ও আর এফ নামের পাঁচটি প্রতিষ্ঠান এ স্টলে তাদের পণ্য বিক্রি করছে। প্রতিটি প্রতিষ্ঠানের উদ্যোক্তাই নারী এবং তাঁরা সবাই গ্রাসরুটসের সদস্য। এখানে পাওয়া যাচ্ছে থ্রিপিস, টুপিস, শাড়ি, নকশিকাঁথা, বিছানার চাদর, মশারি, টিস্যু ও ওভেনের কভার, হাতে তৈরি প্লাস্টিকের ব্যাগ, খেলনাসামগ্রী ইত্যাদি।
স্টলের দায়িত্বে থাকা গ্রাসরুটসের সেক্রেটারি শাহনাজ বেগম জানালেন, সারা দেশে ৪২টি জেলায় তাঁদের সংগঠনের নারীদের তৈরি পণ্যই তাঁরা মেলায় বিক্রি করছেন। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে থ্রিপিস ও টুপিস। এ ছাড়া হাতে তৈরি ব্যাগ ও নকশিকাঁথার চাহিদাও বেশ। নকশিকাঁথার দাম কাজভেদে ২ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত।
বেচাকেনা সম্পর্কে শাহনাজ বেগম বলেন, ‘গত বছর মেলায় আমরা যে পরিমাণ কার্যাদেশ পেয়েছি সেগুলো দিয়েই সারা বছরের ব্যবসা চলেছে। কিন্তু এবার তেমন কার্যাদেশ এখন পর্যন্ত পাইনি, কতটা পাব, সেটা নিয়ে শঙ্কায় আছি।’
মেলায় আসা কয়েকজন দর্শনার্থী অবশ্য জানান, নারী উদ্যোক্তাদের স্টলগুলো ছড়ানো-ছিটানো। স্টলগুলো একসঙ্গে বা কাছাকাছি থাকলে তা ক্রেতা-বিক্রেতা সবার জন্য ভালো হতো।