নারীদের আর্থিক ব্যবস্থাপনা বেশ ভালো
আমরা জানি, দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান ২৫ শতাংশ। তাই এ খাতে নারী উদ্যোক্তাদের ভূমিকাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা নারীদের জন্য ‘নীলিমা’ নামে নতুন সেবাটি চালু করেছি। নারীরা এখন উৎপাদন খাতসহ কৃষিকাজে ব্যাপকভাবে অংশ নিচ্ছেন, ১০ বছর আগেও এমনটি দেখা যেত না।
দেশের প্রায় ১১ কোটি মানুষ গ্রামেগঞ্জে বাস করে। তার ৩০ শতাংশের কাছাকাছি আর্থিক অন্তর্ভুক্তির আওতায় রয়েছে। তাই বিশাল এ জনগোষ্ঠীর বড় অংশকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিশেষ অবদান রাখছে। ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং হিসাবের ৬২ শতাংশই নারী গ্রাহকের।
বাংলাদেশের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে নারীদের যত হিসাব খোলা হয়েছে তার মধ্যে ৪৭ শতাংশই খোলা হয়েছে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে। এই অন্তর্ভুক্তি সামনে রেখেই ‘নীলিমা’-এর যাত্রা। এ সেবা ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে।
আমাদের দেশের নারীদের বেশির ভাগই জানেন না, ঋণ পেতে কী কী কাগজ লাগে। তাই ব্যাংক এশিয়ার পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকি। নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমই ঋণ দেওয়ার পাশাপাশি ব্যবসায় তাদের প্রতিষ্ঠিত করা ‘নীলিমা’র অন্যতম লক্ষ্য।
নারীদের আরও বেশি ব্যাংকিং সেবার আওতায় আনতে ব্যাংক হিসাব খোলা থেকে শুরু করে লেনদেনের সব কটি ধাপ যাতে ঘরে বসে নারীরা সম্পন্ন করতে পারেন, সে জন্য স্মার্ট অ্যাপস চালু করা হয়েছে। এ ছাড়া নারী গ্রাহকদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে ‘আঁচল’ নামে বিশেষ এক সঞ্চয় প্রকল্প রয়েছে ব্যাংক এশিয়ার। পাশাপাশি নারীদের জন্য রয়েছে আলাদা দুটি ঋণসেবা।
আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, নারীরা আর্থিক ব্যবস্থাপনায় বেশ ভালো। এমনও দেখেছি একজন ক্ষুদ্র উদ্যোক্তা কখনোই অপ্রয়োজনীয় ঋণ নিয়ে ঋণের দায়ে জর্জরিত হতে চান না। ব্যাংক থেকে ঋণ নিয়ে সময়মতো ঋণ ফেরত দেওয়ার প্রবণতা পুরুষের চেয়ে নারীর মধ্য বেশি দেখা যায়। নারীরা যাতে সহজে ঋণ পেতে পারেন, সে জন্য তাঁদের কিছু মৌলিক বিষয় মেনে চলতে হবে। প্রথমত, ব্যবসার আয়-ব্যয়ের হিসাব মাসিক ভিত্তিতে সংরক্ষণ ও তার ওপর ভিত্তি করে বাজেট প্রণয়ন। দ্বিতীয়ত, দুর্দিনের জন্য সঞ্চয় বা বিশেষ উদ্দেশ্যে সঞ্চয়। তৃতীয়ত, যে উদ্দেশ্যে ঋণ নেন, সেই লক্ষ্য অর্জনে ঋণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। কোনোভাবেই যেন ঋণের অর্থ অন্য খাতে ব্যবহার করা না হয়। চতুর্থত, শুধু সঞ্চয় নয়, বিনিয়োগেও নজর দিতে হবে।