নারীদের করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা করার সুপারিশ
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) ২০১১-১২ অর্থবছরের সংশোধিত বাজেটে নারীদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তিন লাখ টাকা নির্ধারণের সুপারিশ করেছে। একই সঙ্গে প্রস্তাবিত বাজেটে মহিলা ও শিশু উন্নয়নে বরাদ্দ করা এক হাজার ২৩৭ কোটি টাকার মধ্যে নারী উদ্যোক্তা উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে।গতকাল শনিবার বিডব্লিউসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। সংগঠনটি বলেছে, দেশের অর্ধেক জনসংখ্যা নারী এবং নারী উদ্যোক্তাদের উন্নয়ন জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অনস্বীকার্য। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন জোরালো করতে প্রস্তাবিত বাজেটে কয়েকটি বিষয় সংশোধন করার জোর সুপারিশ করেছে সংগঠনটি।উইমেন চেম্বার নারীদের সম্পদ প্রাপ্তির উপহার কর অবলুপ্ত করার সুপারিশ করেছে। এ ছাড়া সমমূলধন উদ্যোক্তা তহবিলে (ইইএফ) নারী উদ্যোক্তাদের জন্য ১৫ শতাংশ নির্ধারিত রাখা এবং নারী উদ্যোক্তাদের জন্য উৎপাদনশীল বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে দক্ষতা বাড়ানোর জন্য প্রকল্প গ্রহণের প্রস্তাব করেছে।