নারীদের জন্য আলাদা ব্যাংক প্রতিষ্ঠার দাবি
নারীদের জন্য একটি আলাদা ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানিয়েছে উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন আউয়াল বলেছেন, প্রবাসী ব্যাংক, কৃষি ব্যাংকের মতো আরও বিশেষায়িত ব্যাংক আছে। তাহলে নারীদের ব্যাংক কেন থাকবে না?
রাজধানীর কলাবাগানে ওয়েবের বিক্রয়কেন্দ্র সেউতিতে গত রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। বাজেটকেন্দ্রিক প্রস্তাব তুলে ধরতেই আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলনের।
নাসরিন আউয়াল বলেন, নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণের সুদহার ৮ শতাংশ হওয়া উচিত। তাঁদের ঋণ মঞ্জুরি প্রক্রিয়া সহজ করতে একটি ক্রেডিট গ্যারান্টি স্কিমও চালু করা প্রয়োজন।
প্রস্তাবিত বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ২০০ কোটি টাকার বরাদ্দ রাখা হলেও ওয়েব মনে করে তা ৫০০ কোটি টাকা হওয়া উচিত।
নাসরিন আউয়াল বলেন, ‘আমাদের জন্য অর্থ বরাদ্দ থাকে। কিন্তু আমরা পাই না। সরকারের কাছে দাবি, এই অর্থ যেন আমাদের হাতে আসে।’
সংবাদ সম্মেলনে নারী উদ্যোক্তাদের প্রণোদনা হিসেবে ১০ বছর কর অবকাশ সুবিধা দেওয়া, সমমূলধন তহবিলে (ইইএফ) নারীদের জন্য ২০ শতাংশ বরাদ্দ রাখা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ অঞ্চল সংরক্ষিত রাখার প্রস্তাব করা হয়।
ওয়েবের সভাপতি শাহরুখ রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।