নারীদের জন্য বিমা চালু গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের

গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশের নারীদের জন্য চালু করেছে বিমা পলিসি ‘নিবেদিতা’।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী নিবেদিতার সুবিধা ও সুফল বিস্তারিত তুলে ধরেন।
গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় নারীর মৃত্যু বা শারীরিক আঘাত পাওয়া এবং সন্তান জন্মের সময় প্রসূতির মৃত্যু এই পলিসির আওতাভুক্ত হবে। এ ছাড়া এ পলিসি অ্যাসিড সন্ত্রাসের শিকার, নারী নির্যাতন ইত্যাদি ক্ষেত্রেও আর্থিক সহায়তা প্রদান করবে।
সংবাদ সম্মেলনে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের উপদেষ্টা নাসির এ চৌধুরী, কনসালট্যান্ট এ এস এ মুইজ, গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াফি এস এম খান ও মিডিয়া উপদেষ্টা মুশফিক ফজল আনসারী উপস্থিত ছিলেন।
দেশের সফল নারী উদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব শমী কায়সার নিবেদিতা পলিসির প্রথম গ্রাহক হিসেবে পুরস্কৃত হন।