নারীদের জন্য ব্র্যাক ব্যাংকের নতুন সেবা 'তারা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক লিমিটেড নারীদের সব ব্যাংকিং চাহিদা মেটাতে ‘তারা’ নামে একটি ব্যাংকিং সল্যুশন্স বা নতুন সেবা চালু করেছে। এই সেবা চাকরিজীবী, উদ্যোক্তা ও গৃহিণীনির্বিশেষে নারীদের যেকোনো ব্যাংকিং প্রয়োজন পূরণ করবে বলে ব্যাংকটি আশা করছে।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গত বৃহস্পতিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘তারা’ বাংলাদেশের নারীদের আর্থিক ও জীবনযাত্রার প্রয়োজন পূরণ এবং ব্যবসায়ের ক্ষেত্রে ব্যাংকিং চাহিদা মেটাবে। এটি নারীদের অনুপ্রাণিত করবে। এতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে।
অনুষ্ঠানে সেলিম আর এফ হোসেন বলেন, ‘এ ব্যাংকিং সল্যুশন্স চাকরিজীবী, উদ্যোক্তা, গৃহিণীসহ সব নারীর যেকোনো ব্যাংকিং প্রয়োজন পূরণ করবে। ‘তারা’ উৎকৃষ্ট সঞ্চয় ও সঠিক অর্থায়ন পরিকল্পনা, সহজ ঋণদান প্রক্রিয়া এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করবে। এটি নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন এবং জীবনের স্বপ্ন ও লক্ষ্য পূরণে সহায়ক হবে। তিনি আরও বলেন, ‘তারা’ কেবল একটি সল্যুশন্স নয়, এটি নারীর অমিত সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার একটি কার্যকর সমাধান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তারা’ সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের উচ্চ হারে মুনাফা দেবে। আর চলতি হিসাব ও ব্যবসায়ে দেবে স্বল্পসুদের ঋণ। সেবাটির আওতায় নারীরা ঋণ প্রসেসিং ফির ওপর ছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন। ‘তারা’র গ্রাহকেরা ব্র্যাক ব্যাংকের শাখাগুলোতে বিশেষ ডেস্ক ও ক্যাশ কাউন্টারে এবং প্রিমিয়াম ব্যাংকিং, কল সেন্টার ও পার্টনার আউটলেটসমূহে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
এ ছাড়া ব্র্যাক ব্যাংক ‘তারা’র গ্রাহকদের পেশাদারি দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবে। সব মিলিয়ে ‘তারা’র নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম নারীদের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।