নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া নারীর সামগ্রিক ক্ষমতায়ন সম্ভব নয়। নারীরা এ ক্ষেত্রে অনেক সময়ই বৈষম্যের শিকার হন। এই সমস্যা কাটিয়ে উঠতে হবে। এতে তাদের কাজের পরিধি আরও বাড়াতে পারবে।

দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত সিম্পোজিয়ামে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এ সিম্পোজিয়াম শুরু হয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে এটি আয়োজন করেছে। খবর বাসসের।

উদ্বোধন অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আছে: নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া, তাদের উৎপাদিত পণ্য বাজারজাতে সরকারি সহযোগিতা এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া।

অনুষ্ঠানে এ দেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, নারীরা এখন সাহসী শিল্পোদ্যোগ নিচ্ছেন, বিনিয়োগ বাড়াচ্ছেন, সুযোগ সৃষ্টি করছেন। নারী উদ্যোক্তারা এমন ব্যক্তি, যাঁরা শুধু নিজের জন্য নয়, তাঁর পরিবার, জনগোষ্ঠীর জন্য নতুন জীবন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনারস এবং মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান নারীদের এগিয়ে যাওয়ার পথে বৈষম্যের কথা তুলে ধরেন। তবে তিনি এও বলেন যে দেশের নারীরা বিভিন্ন বাধা পেরিয়ে নিজেদের উদ্যোগে উদ্যোক্তা হিসেবে বিশেষ ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ দেশে এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি হাসান মজুমদার।

তিন দিনের এ সিম্পোজিয়ামে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের ৪৬ জন নারী শিল্পোদ্যোক্তা অংশ নিচ্ছেন। দ্বিতীয় দিনে আজ বুধবার নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী হবে।