নারীর জীবনের প্রায় ১২ বছরই কেটে যায় রান্নাঘরে
বাংলাদেশে একজন নারী তাঁর জীবনের প্রায় ১২ বছরই রান্নাঘরে কাটান। যে কারণে তাঁরা শারীরিক ও মানসিক নানা সমস্যায় পড়েন।
রান্নাবান্নাসহ এ রকম সেবামূলক কাজে একজন নারীকে প্রতিদিন পুরুষের তুলনায় পাঁচ গুণ বেশি সময় দিতে হয়। যেমন একজন নারী দৈনিক যেখানে সেবামূলক কাজে ব্যয় করেন ৬ দশমিক ৪৫ ঘণ্টা, সেখানে একজন পুরুষের ব্যয় হয় ১ দশমিক ২ ঘণ্টা। কিন্তু সেবামূলক কাজের মূল্যায়ন, স্বীকৃতি ও বণ্টন না থাকায় নারীর আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন হচ্ছে না।
অ্যাকশনএইড বাংলাদেশ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশন (সিজিএসটি) প্রকল্পের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। লালমনিরহাট ও গাইবান্ধা জেলার তৃণমূল পর্যায়ের নারী ও পুরুষের বিভিন্ন কাজে সময়ের ব্যবহার নিয়ে গবেষণাটি করা হয়। ঢাকার একটি কনভেনশন সেন্টারে গতকাল রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণাটির ফল প্রকাশ করা হয়।
অ্যাকশনএইড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ইউরোপীয় কমিশনের (ইসি) সহায়তায় ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত গাইবান্ধা ও লালমনিরহাট জেলায় তিন ধাপে গবেষণাটি পরিচালিত হয়। নারীরা রান্নাবান্না, ঘর পরিষ্কার, কাপড় ধোয়া, পরিবারের সদস্যদের দেখাশোনা করাসহ পরিবারের জন্য যেসব কাজ করেন, সেগুলোকেই গবেষণায় অমূল্যায়িত সেবামূলক কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মসূচি ব্যবস্থাপক লরেঞ্জা গামাকোর্টা বলেন, ‘দেশের উন্নয়নে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তাই নারীরা যে কাজগুলো করেন, তার মূল্যায়ন ও স্বীকৃতি থাকা প্রয়োজন।’
জাতিসংঘের নারী-বিষয়ক সংস্থা ইউএন উইমেনের সমন্বয়ক তপতী সাহা বলেন, ‘আমাদের বাড়ি, কাজ ও সমাজ পুরুষ-নিয়ন্ত্রিত। যে কারণে দেশের অর্ধেক জনগোষ্ঠী উন্নয়নধারার বাইরে রয়ে গেছে। তাই আমাদের উচিত নারীর অবস্থানে গিয়ে তাদের সমস্যার সমাধান করা।’
পরিসংখ্যান বিভাগের সচিব কানিজ ফাতেমা বলেন, নারীর কাজের মূল্যায়ন ও স্বীকৃতির জন্য সচেতনতা, অর্থনৈতিক স্বীকৃতি, নীতি পরিবর্তন ও যথাযথ কর্তৃপক্ষের সদিচ্ছা প্রয়োজন।
সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী বলেন, ‘রান্নাবান্না, বড়দের দেখাশোনা করাসহ সেবামূলক সব কাজই নারীকে করতে হবে—এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, নারীর উন্নয়নে প্রত্যেক পরিবারকে ভাবতে হবে। পাশাপাশি সরকারকে এগিয়ে আসতে হবে রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি সহযোগিতা নিয়ে। সব উন্নয়ন পরিকল্পনায় নারীকে সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, নারীর অমূল্যায়িত সেবামূলক কাজের স্বীকৃতি, তা হ্রাস ও পুনর্বণ্টন করে নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে ইসির আর্থিক সহযোগিতায় অ্যাকশনএইড বাংলাদেশ গত তিন বছরে ‘স্ট্রেংদেনিং উইমেন্স কালেকটিভস’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এর আওতায় নারীর অমূল্যায়িত কাজের অবস্থা জানতে গবেষণাটি করা হয়।
সার্বিকভাবে সুষম কাজ নিশ্চিত করার মাধ্যমে নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং টেকসই কৃষি উৎপাদন ও ভ্যালু চেইনের সঙ্গে সম্পৃক্ত রাখার লক্ষ্যে বাংলাদেশের পাশাপাশি ভারত এবং নেপালেও অ্যাকশনএইড এ প্রকল্প বাস্তবায়ন করছে।
এ প্রসঙ্গে অ্যাকশনএইড ইন্টারন্যাশনালের পরামর্শক ড. মিরা পল্লাই বলেন, নারী যদি তাঁর ঘরের কাজের পাশাপাশি উৎপাদনমূলক ও আয়মূলক কাজে যুক্ত হতে পারেন, তবে তাঁর পরিবারে অবদান বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায় এবং কথা বলার সাহস করতে পারেন।’
তিন দেশে পরিচালিত গবেষণার ফলাফল তুলে ধরে অনুষ্ঠানে আরও বলা হয়, নারীরা যদি ঘরের কাজে পুরুষের সহযোগিতা এবং উৎপাদনমূলক কাজে, সামাজিক বিষয়ে, নিজের অধিকার নিয়ে সঠিক প্রশিক্ষণ পান, তাহলে তাঁরা পরিবারে বেশি ভূমিকা রাখতে পারেন।