এবার ১০টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য আলাদা জেন্ডার বাজেট প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে নারীর জন্য মোট ১২ হাজার ৫১৬ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।্র২০০৯-১০ অর্থবছরে চারটি মন্ত্রণালয় জেন্ডার বাজেটিং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ছিল। এতে মোট বরাদ্দ ছিল নয় হাজার ৬৬০ কোটি আট লাখ টাকা।দেশে যত ধরনের বৈষম্য বিদ্যমান, তার মধ্যে নারীদের প্রতি বৈষম্যের চিত্র সবচেয়ে প্রকট বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভূমি মালিকানার ক্ষেত্রে নারীর হিস্যা বাড়ানোর জন্য বিদ্যমান উত্তরাধিকার আইনে পরিবর্তন, খাসজমি বণ্টনে নারীদের বিশেষ প্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদনে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সেবাসংক্রান্ত তথ্য নারীদের কাছে কম পৌঁছায় বলে প্রতিবেদনটিতেই স্বীকার করে নেওয়া হয়েছে।প্রতিবেদনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সরকারি সহায়তার মাধ্যমে কারা উপকৃত হচ্ছে, তা লিঙ্গভিত্তিক তথ্য-উপাত্তের অভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। তবে বাজেট বরাদ্দের মধ্যে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত প্রকল্পগুলো দেখানো হয়েছে এবং তাতে নারীর জন্য বরাদ্দ কতটুকু তা আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে।এবার প্রতিবেদনে কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জেন্ডার বাজেটিংয়ের মাধ্যমে নারীর ন্যায্য হিস্যা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। গত বছর জেন্ডার বাজেট প্রতিবেদনে চারটি মন্ত্রণালয় অন্তর্ভুক্ত ছিল। তখন থেকেই জোর দেওয়া হয় এর পরিধি বাড়ানোর জন্য। এবার ১০টি মন্ত্রণালয়ের সম্পৃক্তকরণকে তাই স্বাগত জানাই।’তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, জেন্ডারভিত্তিক বরাদ্দের কতটুকু বা সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় থাকা বরাদ্দ নারী গ্রহীতাদের কাছে কতটুকু পৌঁছেছে, সে হিসাব থাকা প্রয়োজন। কেননা, এ ক্ষেত্রে মনিটরিংয়ের সমস্যা আছে। ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রসঙ্গে রাশেদা কে চৌধুরী বলেন, ছাত্রীদের উপবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে বরাদ্দ বাড়ানোর ফলে শিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়বে। কিন্তু নারীর নিরাপত্তার প্রসঙ্গটি প্রাধান্য পায়নি। কর্মজীবী নারীর সন্তানের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরির ওপর গুরুত্ব দেওয়া ইতিবাচক। কিন্তু কর্মজীবী নারী, উচ্চশিক্ষায় নারীর আবাসনের দিকে গুরুত্ব দেওয়া হয়নি।মানবাধিকার প্রতিষ্ঠান স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের কীভাবে মাঝারি উদ্যোক্তায় পরিণত করা হবে, উচ্চশিক্ষায় নারী বা অভিবাসী নারী শ্রমিকদের মতো নারীর বিভিন্ন সম্ভাবনাকে কাজে লাগাতে কী নীতি আছে এবং তা বাস্তবায়নে বরাদ্দ কতটুকু, তা বাজেটে সুস্পষ্ট করা হয়নি। কত দিনের মধ্যে এবং কীভাবে বিভিন্ন বৈষম্য কমানো হবে, তাও বলা হয়নি।নারীর জন্য বরাদ্দ: ভূমিহীন এবং প্রায় ভূমিহীন পরিবারের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ নারী কৃষি খাতে শ্রমিক হিসেবে কাজ করে। এ ছাড়া গৃহস্থালি পর্যায়ের যাবতীয় কৃষিকাজ করে নারীরা। এ মন্ত্রণালয়ে ২০০৯-১০ অর্থবছরে সর্বমোট ব্যয়ের ২০ দশমিক ৫৩ শতাংশ নারীদের কল্যাণে ব্যয় করা হয়েছে। ২০১০-১১ অর্থবছরে এ বরাদ্দের পরিমাণ ২৬ দশমিক ৫৩ শতাংশ বা এক হাজার ৭৮৮ কোটি ৪৭ লাখ টাকা। এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির ২৯ দশমিক ৩৫ শতাংশ এবং মন্ত্রণালয়ের ১০টি প্রকল্পের সর্বমোট বরাদ্দ থেকে ৫০ দশমিক ২৬ শতাংশ নারীর জন্য ব্যয় করা হবে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে চলতি অর্থবছরে সর্বমোট ব্যয়ের ৬৫ দশমিক ৮৩ শতাংশ ব্যয় করা হয়েছে। ২০১০-১১ অর্থবছরে ৭৭ দশমিক ৮৩ শতাংশ (৩,২৬৭ দশমিক ০১ কোটি টাকা) নারীর উন্নয়নে ব্যয় করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ে চলতি অর্থবছরে সর্বমোট ব্যয়ের ১৮ দশমিক ২৯ শতাংশ নারীদের কল্যাণে ব্যবহার করা হয়েছে। ২০১০-১১ অর্থবছরে ২৩ দশমিক ২৯ শতাংশ (২,৩০২ দশমিক ৪১ কোটি টাকা) ব্যবহার করা হবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ে চলতি অর্থবছরে ৩০৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। আগামী অর্থবছরে ৫২৯ কোটি ৯০ লাখ টাকা অর্থাৎ ৪৪ দশমিক ২২ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চলতি অর্থবছরে ২২৮ কোটি ৮০ লাখ টাকা ব্যবহার করা হয়েছে। ২০১০-১১ অর্থবছরে সর্বমোট বরাদ্দের ৩২ দশমিক ৬১ শতাংশ বা ২৮০ কোটি ৮৯ লাখ টাকা নারীর জন্য ব্যয় করা হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে চলতি অর্থবছরে সর্বমোট ব্যয়ের দুই হাজার ২৪৯ কোটি ৭০ লাখ টাকা ব্যবহার করা হয়েছে। ২০১০-১১ অর্থবছরে দুই হাজার ৬৩৪ কোটি ২৮ লাখ টাকা বা ৩২ দশমিক ৩৩ শতাংশ ব্যয় করা হবে। ভূমি মন্ত্রণালয়ে চলতি অর্থবছরের ৭২ কোটি ৮০ লাখ টাকার জায়গায় ২০১০-১১ অর্থবছরে ১০২ কোটি ৪৩ লাখ টাকা ব্যবহূত হবে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে চলতি অর্থবছরের ৬১ দশমিক ০৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬২ দশমিক ২৮ শতাংশ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৮৪ দশমিক ৫৬ শতাংশ এবং ১০টি প্রকল্পের সর্বমোট বরাদ্দ থেকে ৮৪ দশমিক ৪০ শতাংশ নারীর কল্যাণে ব্যয় করা হবে।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় বিধবা, দুস্থ ও স্বামীপরিত্যক্ত ভাতা, দরিদ্র মায়েদের জন্য মাতৃত্ব ভাতাসহ বিভিন্ন কর্মসূচিতে উপকারভোগীদের মধ্যে শতভাগই নারী।এ মন্ত্রণালয়ে চলতি অর্থবছরে ২০৮ কোটি ৮০ লাখ টাকা ব্যবহার করা হয়েছে। ২০১০-১১ অর্থবছরে ৩৮২ কোটি ৭০ লাখ টাকা নারীদের কল্যাণে ব্যবহার করা হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৫০ দশমিক ০৫ শতাংশ এবং ১০টি প্রকল্পের সর্বমোট বরাদ্দ থেকে ৫০ দশমিক ৮৩ শতাংশ নারীর কল্যাণে ব্যয় হবে।পানিসম্পদ মন্ত্রণালয়ে চলতি অর্থবছরে সর্বমোট ব্যয়ের ৩৫ দশমিক ৮৬ শতাংশ ব্যয় করা হয়। ২০১০-১১ অর্থবছরে ৩৯ দশমিক ১৬ শতাংশ বা ৮০২ কোটি ৩৮ লাখ টাকা নারীর কল্যাণে ব্যয় করা হবে।