নারীর পারিশ্রমিক বৃদ্ধির পরামর্শ দিল আইএলও
কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বাড়লেও পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে নারীরা এখনো পুরুষদের চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন। কর্মক্ষেত্রে নারী-পুরুষের পারিশ্রমিকের সমতা নিশ্চিত করতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিবেদনে।
আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে আইএলও প্রকাশিত ‘কর্মক্ষেত্রে লিঙ্গসমতা’ বিষয়ক এ প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৫ সালে বিশ্বের ১৮৯টি দেশ চীনের রাজধানী বেইজিংয়ে নারী-পুরুষ সমতা অর্জনে যেসব লক্ষ্য ঠিক করেছিল, তার অনেক লক্ষ্যই এখনো বাস্তবায়িত হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, নারীরা এখন অনেক বেশি কাজ করছেন, তবে সমান কাজ করেও তাঁরা পুরুষদের তুলনায় কম পারিশ্রমিক পাচ্ছেন। কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়নের বিষয়েও খুব একটা অগ্রগতি হয়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
কর্মক্ষেত্রে নারীদের অবস্থা নিয়ে আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেন, ‘২০ বছর আগে নারীরা যে পারিশ্রমিক পেতেন, এখন তাঁরা আগের চেয়ে বেশি পান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এ পারিশ্রমিক যে হারে বাড়ার কথা ছিল, সে হারে বাড়েনি। আমাদের এসব বিষয় নিয়ে আরও বেশি করে ভাবতে হবে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার সঙ্গে তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে।’
১৯৯৫ সালের পর থেকে বিশ্ব শ্রমবাজারে নারী-পুরুষের সংখ্যাগত পার্থক্য কিছুটা কমে আসার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। বর্তমানে মোট কর্মক্ষম নারীদের ৫২ শতাংশ শ্রমবাজারে আছেন, পুরুষদের ক্ষেত্রে এ হার ৭৭ শতাংশ। ১৯৯৫ সালে কর্মক্ষম নারীদের ৫০ শতাংশ শ্রমবাজারে কাজ করতেন। অর্থাৎ ২০ বছরে শ্রমবাজারে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বেড়েছে মাত্র ২ শতাংশ। শ্রমবাজারে নারী-পুরুষের ব্যবধান ২৫ শতাংশের নিচে নামিয়ে আনতে পারলে ২০২৫ সালের মধ্যে বিশ্বের উন্নত ২০টি দেশে শুধু নারীদের জন্য নতুন ১০ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।
মাতৃত্বকালীন নারীদের ছুটি দেওয়ার বিষয়ে এখন আগের চেয়ে সচেতনতা বেড়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। বর্তমানে কর্মরত নারীদের ৫১ শতাংশ মাতৃত্বকালীন ১৪ সপ্তাহ বা তিন মাসের বেশি সময় ছুটি পান। ১৯৯৫ সালে এ হার ছিল ৩৮ শতাংশ।
বর্তমানে ব্যবসা-বাণিজ্যের নেতৃত্বেও নারীদের অংশগ্রহণ বেড়েছে। বিশ্বে মোট ব্যবসা-বাণিজ্যের ৩০ শতাংশের নেতৃত্বে এখন নারীরা আছেন। তবে যেসব ব্যবসার নেতৃত্ব নারীরা দিচ্ছেন, সেগুলোর বেশির ভাগই ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের (এসএমই) উদ্যোগ। বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদে নারীদের উপস্থিতির হার ১৯ শতাংশ। তবে হতাশাজনক হলো, বিশ্বের বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের নেতৃত্বে নারীদের উপস্থিতি মাত্র ৫ শতাংশ বা তারও কম।
কর্মক্ষেত্রে নারীদের নানা হয়রানির বিষয়টিও উঠে এসেছে আইএলওর প্রতিবেদনে। সারা বিশ্বে ৩৫ শতাংশ নারীই কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন। পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে ২৩ শতাংশ কম মজুরি পান। মজুরির এ বৈষম্য দূর করতে ২০৮৬ সাল অথবা আরও ৭১ বছর সময় লাগবে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।