নারীর মজুরিবিহীন শ্রমকে জিডিপিতে অন্তর্ভুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর মজুরিবিহীন শ্রমকে অর্থনীতি তথা মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট। আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেট সামনে রেখে গতকাল সোমবার আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সভায় দেশের নারী-পুরুষের বৈষম্য কমাতে আগামী বাজেটে জেন্ডার সংবেদনশীলতার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়। এ সময় এসব দাবির সপক্ষে বিভিন্ন যুক্তিও তুলে ধরেন বক্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। নির্ধারিত আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টেপস টুয়ার্ডসের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আগামী বাজেটে নারী উন্নয়নে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য কমাতে হলে সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন দরকার। সে জন্য দরকার পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ।
নারী উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নানা বাধা সত্ত্বেও নারীর অগ্রযাত্রা ও উন্নয়নে সরকার অনেক উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে সরকারের আরও অনেক কিছু করার আছে। সে জন্য দীর্ঘ সময়েরও প্রয়োজন। কারণ, পশ্চাৎপদ সামাজিক ধ্যানধারণাকে রাতারাতি দূর করা সম্ভব না।
অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, কর্মক্ষেত্রে নারী-পুরুষের মজুরিবৈষম্য দূর করার পাশাপাশি শ্রম বিভাজনও কমাতে হবে। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য সবার আগে দরকার সামাজিক মূল্যবোধের পরিবর্তন। সরকারকেই এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।
গবেষক নাজনীন আহমেদ বলেন, নারীর ক্ষমতায়ন এবং নারী-পুরুষের মধ্যকার বৈষম্য কমাতে সবার আগে দরকার নারীর প্রতি সবার যোগ্য সম্মানবোধ। পাশাপাশি সামাজিকভাবে নারীর নিরাপত্তার বিষয়টিও সর্বাগ্রে নিশ্চিত করতে হবে। তাহলে নারীরা তাদের নিজ যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।