নারীর সুবিধা–অসুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা ৬টার নির্দেশনা নথিতেই

বাংলাদেশ ব্যাংক ২০১৫ সালে নির্দেশনা দেয়, সন্ধ্যা ছয়টার পর নারী কর্মকর্তাদের যৌক্তিক কারণ ছাড়া কর্মক্ষেত্রে অবস্থান বাধ্যতামূলক না করা। তবে এই নির্দেশনা ২০২১ সালেও কার্যকর করেনি বেশির ভাগ ব্যাংক। এখনো অনেক নারী কর্মকর্তা রাত আটটার সময়ও অফিস থেকে বের হওয়ার সুযোগ পান না। অনেক সময় অকারণে বসিয়ে রাখার ঘটনাও ঘটছে।

ওই সময় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, লক্ষ করা যাচ্ছে, ব্যাংকিং সময়সূচির পর কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ করে নারী কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা হচ্ছে। তা ছাড়া তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে চাকরিতে ইস্তফা, অযৌক্তিক বরখাস্ত বা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধাপ্রাপ্তিতে হয়রানিসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে। এতে বিভিন্ন ধরনের জটিলতার উদ্ভব হচ্ছে, যা সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্তরায়। এ জন্য ব্যাংকিং সময়সূচির পরে অর্থাৎ সন্ধ্যা ছয়টার পর কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে নারী কর্মকর্তা বা কর্মচারীদের ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা যাবে না। বিশেষ প্রয়োজনে যদি কোনো নারী কর্মীকে ব্যাংকিং সময়সূচির পরও ব্যাংকে অবস্থান করতে হয়, তবে তাঁদের উপযুক্ত নিরাপত্তা ও পারিশ্রমিক প্রদান করতে হবে।

তবে বেসরকারি খাতের ৫টি ব্যাংকের নারী কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, এই নির্দেশনা কার্যকর হয়নি। এমনকি কেউ অতিরিক্ত পারিশ্রমিকও প্রদান করে না। অকারণেও অফিসে বসিয়ে রাখার ঘটনা ঘটে। এ নিয়ে অভিযোগ দেওয়ারও সুযোগ নেই।

৬ মাস মাতৃত্বকালীন ছুটি মিলছে

ব্যাংকের সব পর্যায়ের নারী কর্মীরা ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন। চাকরিজীবনে একজন স্থায়ী বা অস্থায়ী কর্মী দুবার এ সুবিধা ভোগ করতে পারবেন। এই সময়ে তাঁদের স্বাভাবিক বেতন-ভাতা দিতে হবে। ছুটির কারণে কারও বার্ষিক কর্ম মূল্যায়নে অবনমন করা যাবে না। বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালে এ নির্দেশনা জারি করে।

গত জুনভিত্তিক প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, দেশের ৫৯টি ব্যাংক ও ৩৩টি আর্থিক প্রতিষ্ঠান এই নির্দেশনা কার্যকর করেছে।

আর কেন্দ্রীয় ব্যাংক এ-ও জানিয়েছিল, মাতৃত্বকালীন ছুটির কারণে কারও বার্ষিক কর্ম মূল্যায়নে অবনমন করা যাবে না। আগের বছরের বার্ষিক মূল্যায়ন বা পূর্ববর্তী তিন বছরের মধ্যে যেটি অধিকতর উত্তম, তা-ই বিবেচনায় নিতে হবে। পাশাপাশি মাতৃত্বকালীন ছুটির বিষয়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সরকারি বিধান মানতে হবে।

তবে এখনো সব ব্যাংক এই নির্দেশনা মানছে না। এ কারণে মাতৃত্বকালীন ছুটি শেষে অনেক কর্মকর্তাকে চাকরি হারাতে হচ্ছে। আবার অনেকে পদোন্নতিবঞ্চিত হচ্ছেন।

হয়রানি বন্ধে নীতিমালা করেনি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ব্যাংকের নারী কর্মীদের হয়রানি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা করতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। তবে গত বছরের জুন পর্যন্ত ৪৪টি ব্যাংক ও ১০টি আর্থিক প্রতিষ্ঠান এই নীতিমালা প্রণয়ন করেছে। আর ৩৫টি ব্যাংক ও ৬টি আর্থিক প্রতিষ্ঠান লৈঙ্গিক সমতাবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এ ছাড়া একটি ব্যাংকে যৌন হয়রানিমূলক অভিযোগের তদন্ত চলছে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সবার নেই ডে-কেয়ার ও পরিবহন সুবিধা

গত বছরের জুন পর্যন্ত ২৮টি সরকারি-বেসরকারি ব্যাংক শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করেছে। মতিঝিল আল-আমিন সেন্টারে সরকারি ৫ ও বেসরকারি ১০ ব্যাংক মিলে দুটি শিশু দিবাযত্ন পরিচালনা করছে। এ ছাড়া গুলশানের প্রধান কার্যালয় রয়েছে এমন ৮টি ব্যাংক ‘উই লার্ন’-এর সঙ্গে চুক্তি করে গুলশান ও বনশ্রীতে শিশু দিবাযত্নের সুবিধা প্রদান করছে। এর বাইরে মার্কেন্টাইল, ব্র্যাক, বাংলাদেশ কৃষি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ও সীমান্ত ব্যাংক নিজস্ব উদ্যোগের শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করছে। আর নারী কর্মীদের যাতায়াতের জন্য ২৯ ব্যাংক নিজস্ব পরিবহন সুবিধা প্রদান করছে।