নারীরা পিছিয়ে মুঠোফোনে
মুঠোফোন ব্যবহারে নারী-পুরুষের বৈষম্যে সারা বিশ্বে সবচেয়ে পিছিয়ে থাকা অঞ্চল হলো দক্ষিণ এশিয়া। বাংলাদেশসহ এই অঞ্চলের দেশ–গুলোতে এখনো ৫৯ কোটি ৪০ লাখ নারীর মুঠোফোন নেই। আর দক্ষিণ এশিয়ায় পুরুষদের তুলনায় নারীরা ৩৪ শতাংশ কম মুঠোফোন ব্যবহার করেন।
এমন তথ্য উঠে এসেছে মুঠোফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএর ‘মুঠোফোন ব্যবহার ও প্রাপ্তিতে মধ্য-নিম্ন মধ্যম আয়ের দেশে নারী-পুরুষ বৈষম্যের চিত্র’ শীর্ষক এক প্রতিবেদনে। বিশ্বব্যাংকের ‘ডিজিটাল ডিভিডেন্ডস ২০১৬’ শীর্ষক প্রতিবেদনেও মুঠোফোন ও প্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষ বৈষম্যের বিষয়টি উঠে এসেছে।
জিএসএমএর হিসাবমতে, বাংলাদেশে বর্তমানে একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটি। এর মধ্যে ২৮ শতাংশ বা ১ কোটি ৯৬ লাখ ব্যবহারকারী হলেন নারী। বর্তমানে বিশ্বে ১৭০ কোটিরও বেশি নারীর মুঠোফোন নেই। এর এক-তৃতীয়াংশের বেশি নারীর অবস্থান দক্ষিণ এশিয়ায়। সারা বিশ্বে মোট ৫৯ শতাংশ নারীর মুঠোফোন নেই। দক্ষিণ এশিয়ায় এই হার ৭২ শতাংশ।
সংগঠনটি বলেছে, বাংলাদেশের মতো দেশে নারীদের মুঠোফোন ব্যবহারে পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হিসেবে আর্থিক সামর্থ্যের অভাব। জিএসএমএর গবেষণা অনুযায়ী মুঠোফোন ব্যবহারে নিরাপত্তার অভাব এবং ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা থাকায় নারীরা এটি কম ব্যবহার করেন। এ ছাড়া নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবেও নারীরা মুঠোফোন, বিশেষ করে স্মার্টফোন ব্যবহারে অনেকটাই পিছিয়ে আছেন। গবেষণায় বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় মুঠোফোন আছে এমন ৮০ শতাংশ নারী কখনো এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন না, আর ৫৫ শতাংশ কখনো খুদে বার্তা পাঠান না।
গ্রামীণফোনের বহিঃযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রেক্ষাপটে নারীদের প্রযুক্তিবান্ধব করা খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য মুঠোফোনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে জোর দিয়ে শুরু করেছিল গ্রামীণফোন।
মুঠোফোন ব্যবহারে নারী-পুরুষের বৈষম্য কমাতে অপারেটর ও নির্মাতা প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থা, দাতা দেশ, উন্নয়ন সংস্থা, শিক্ষাবিদ ও গবেষকদের বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে জিএসএমএর গবেষণায়। এতে নীতিনির্ধারকদের জন্য পরামর্শ হলো, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত বিভিন্ন নীতিমালায় লিঙ্গবৈষম্যের বিষয়টি অন্তর্ভুক্ত করে তা কমিয়ে আনার কর্মকৌশল নির্ধারণ করতে হবে। স্বল্প মূল্যে মুঠোফোন প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গতকাল সোমবার বলেন, ‘কম টাকার কিস্তিতে প্রত্যন্ত অঞ্চলের নারীদের হাতে মানসম্পন্ন মুঠোফোন তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে এখন আমরা কাজ করছি। অনলাইন বা মুঠোফোন ব্যবহারে নারীরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও বেশ কিছু উদ্যোগ আমরা নিচ্ছি।’
মুঠোফোন ব্যবহারে নারীবৈষম্যের চিত্র
বিশ্বের ১৭০ কোটির বেশি নারীর মুঠোফোন নেই, এর সিংহভাগই মধ্য ও নিম্ন মধ্যম আয়ের দেশের
দক্ষিণ এশিয়ায় পুরুষদের তুলনায় নারীরা ৩৮% কম মুঠোফোন ব্যবহার করেন
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ৫৯ কোটি ৪০ লাখ নারীর মুঠোফোন নেই, যা এ অঞ্চলের মোট নারী জনগোষ্ঠীর ৭২%
মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারেও নারীরা আরও পিছিয়ে। দক্ষিণ এশিয়ায় মুঠোফোন আছে এমন ৮০% নারী কখনো ইন্টারনেট ব্যবহার করেন না, ৫৫ শতাংশ কখনো খুদে বার্তা পাঠাননি
নারীদের মুঠোফোন ব্যবহার নিশ্চিত হলে মুঠোফোন অর্থনীতিতে যোগ করবে ১৭ হাজার কোটি মার্কিন ডলার
নারীদের মুঠোফোন ব্যবহারে সবচেয়ে বড় পাঁচ বাধা
১. আর্থিক স্বাধীনতার অভাব ২. নিরাপত্তার অভাব ও হয়রানি
৩. প্রযুক্তিগত জ্ঞানের অভাব ৪. ব্যক্তিগত তথ্য চুরির ভয়
৫. সামাজিক বিধিনিষেধ
সূত্র: জিএসএমএ