তৈরি পোশাকশিল্পে নাশকতা বন্ধে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন মালিক ও শ্রমিক নেতারা। তাঁরা স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছেন।
পোশাক মালিকদের সমিতি বিজিএমইএ কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক সভা শেষে মালিক ও শ্রমিক নেতারা যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেন। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।
যৌথ বিবৃতিতে স্ট্যান্ডার্ড গ্রুপকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা, নাশকতামূলক অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার আইনের আওতায় এনে সাত দিনের মধ্যে জাতির সামনে হাজির ও পোশাকশিল্পের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।
স্ট্যান্ডার্ডের ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় বিবৃতিতে।
সভায় বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম, রিয়াজ বিন মাহমুদ. শ্রমিক নেতা মন্টু ঘোষ, নাজমা আক্তার, বাবুল আক্তার, সিরাজুল ইসলাম রনি, শফিউল ইসলাম, আবুল কালাম আজাদ, রুহুল আমিনসহ পোশাকশিল্পের ৪৫ শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।