নাসিরের শাক ৫ টাকা আঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারভরা শীতের শাক। দামও বেশ কম, প্রতি আঁটি পাঁচ টাকা। এই আঁটি মুঠো, মুঠি বা মুঠা নামেও পরিচিত।
ঢাকার সেগুনবাগিচা কাঁচাবাজারে ঢুকেই গতকাল শনিবার একটু বিস্ময়ই লাগল। কারণ এখানে নয় বছর ধরে শুধু শাকই বিক্রি করে আসছেন চাঁদপুরের মোহাম্মদ নাসির মিয়া।
বাজারের ৫৯ নম্বর দোকানটি নাসির মিয়ার। দাম জানতে চাইলে নাসির মিয়া একে একে সব শাক দেখান, নাম বলেন, দামও জানান। মেথি, সরিষা, মুলা, ডাঁটা, পালং ও কলমিশাকের আঁটি ৫ টাকা করে। বতুয়াশাক ১০ টাকা প্রতি আঁটি, তবে একসঙ্গে দুটি নিলে ১৫ টাকা। এ ছাড়া পুঁইশাকের আঁটি ১৫, আর লাউশাক ২০ টাকা আঁটি। এগুলোই তার দোকানের ‘লাস প্রাইস’ (লাস্ট প্রাইস বা সর্বশেষ দাম), এর নিচে বিক্রি করেন না।
এর পরে নাসির মেথিশাকের আঁটি দেখান, একটি ডাঁটায় তিনটি করে পাতা এবং হয় শুধু শীতকালে। আরও জানালেন, মেথিশাকে ফলও হয়। এটির তাজা পাতা ভাজি করে যেমন খাওয়া যায়, তেমনি শুকিয়েও খাওয়া যায়। শুকানো পাতা মাছের সঙ্গে রান্না করলে সুগন্ধ হয়।
কচুপাতার মধ্যে শিশির বা বৃষ্টির ফোঁটা পড়লে যেমন দেখা যায়, বতুয়াশাকের চেহারাটাও অনেকটা সেরকমই দেখায়। মনে হয়, পাতা ছোট ছোট শিশিরবিন্দুতে ভরা।
বেসরকারি সংস্থা উবিনীগ বলছে, দেশে বর্তমানে ৪৩ ধরনের শাক রয়েছে। পতিত জমি কমতে থাকায় এখন আর সব শাক জন্মায় না।
সেগুনবাগিচা কাঁচাবাজারে কোথা থেকে নিয়ে এলেন এসব শাক—এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘ফজরের আজানের পরে কয়েকজনে মিলে চলে যাই যাত্রাবাড়ী। যাত্রাবাড়ী থানার সামনে শাকের আড়ত। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কুমিল্লা থেকে আসে।’
নাসির নিজেই জানান, ফজরের আজানের পর কাজ শুরু হয়। রাত ১০টা পর্যন্ত দোকান করেন। সারা দিনই ক্রেতা আসে, তবে বেশি আসে সকালে ও সন্ধ্যায়। দৈনিক বিক্রি চার-পাঁচ হাজার টাকা। এতে লাভ থাকে এক হাজার টাকা। এই আয় দিয়েই চলে তাঁর সংসার। চারটা ডাল-ভাত খেয়ে ভালোই আছেন, সরল স্বীকারোক্তি নাসিরের।
তবে সরকারের কাছে তাঁর দাবি আছে, অভিযোগও আছে। বলেন, সেগুনবাগিচা কাঁচাবাজার একটি স্থায়ী বাজার হলেও প্রতিদিন রাস্তার ওপরও অস্থায়ী বাজার বসছে। কীভাবে সম্ভব হচ্ছে? জবাবও দেন নিজেই। বলেন, স্থানীয় প্রভাবশালী লোকদের ‘হাত’ করে বসছে ওই সব বাজার। মুক্তিযুদ্ধ জাদুঘরের পাশে প্রতিদিন সকালে বসছে দুই ঘণ্টার বাজার। এ জন্য তাঁরা মার খাচ্ছেন। আর ভ্যানগাড়ি নিয়ে অলিগলিতে ফেরিওয়ালারা তো আছেনই।
নাসিরের অভিযোগ কেউ শুনবেন এবং এতে কোনো কাজ হবে বলেও বিশ্বাস করেন না তিনি। তবু কেউ একজনকে কথাগুলো বলতে পেরে শান্তি পাচ্ছেন বলে জানালেন তিনি।
পাশের সবজির দোকানে বসে আছে কিশোর রাসেল। সে অবশ্য নাসিরের মতো মালিক নয়, কর্মচারী। কোনটি কত রাখা যাবে জানতে চাইলে রাসেলও প্রতিটিরই সর্বশেষ দাম জানায়। প্রতিটি ফুলকপি ২০-২৫ টাকা ও বাঁধাকপি ২০ টাকা, প্রতি কেজি করলা ৩০, টমেটো ২০ থেকে ৩০, বেগুন ২৫ থেকে ৪০, পেঁপে ২০, বরবটি ৪০, শিম ২০ থেকে ৩০, আলু ৩০, গাজর ৩০ ও চিচিঙ্গা ৪০ টাকা।
কারওয়ান বাজার থেকে সবজি এনে এই বাজারে সামান্য লাভে বিক্রি করা হয় বলে দাবি করে রাসেল। এ সময় পাশ দিয়ে হেঁটে মাছবাজারের দিকে যাচ্ছিলেন শ্মশ্রুমণ্ডিত এক মধ্যবয়সী লোক। রাসেলের ‘সামান্য লাভ’ শব্দ দুটি কানে আসতেই তিনি উচ্চ স্বরে ‘ডাবল, ডাবল, কারওয়ান বাজারের ডাবল’ বলতে বলতে চলে যান।