নিউ ইস্কাটনে নতুন শাখা খুলেছে কেএফসি
চিকেন ফ্রাইয়ের জন্য বিখ্যাত রেস্তোরাঁ কেএফসি রাজধানীর নিউ ইস্কাটন রোডে নতুন শাখা খুলেছে। মুরগির ১১টি রন্ধনপ্রণালী ও সেরা মানের সেবায় ইস্কাটন ও আশপাশ এলাকার অধিবাসীদের স্বাগত জানাতে চায় কর্তৃপক্ষ।গতকাল বুধবার সকালে ৪০০ ইস্কাটন রোডে এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রান্সকম ফুড্স লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী। ট্রান্সকম ফুডস বাংলাদেশে কেএফসি পরিচালনা করছে। আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে রেস্তোরাঁটিকে বেলুন দিয়ে সাজানো হয়। বাইরেও শত শত গ্যাস বেলুন ওড়ানো হয়।রেস্তোরাঁটি উদ্বোধন করতে গিয়ে আক্কু চৌধুরী বলেন, ‘ইস্কাটন রমনা এলাকার একটি ঐতিহ্য আছে। কেএফসিও একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।’ কেএফসির এই শাখা ভোক্তাদের এক অনন্য অভিজ্ঞতা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সর্বোচ্চ মানের ফাস্টফুড নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমাদের ১১টি গোপন মসলার বন্ধনপ্রণালী (রেসিপি), সেরা মানের সেবা ও অনন্য ডাইনিংয়ের অভিজ্ঞতা ভোজনরসিকেরা উপভোগ করবেন।’অভিনেত্রী অপি করিম, টেলিভিশন উপস্থাপক শারমিন লাকি ও সংগীতশিল্পী তিশমা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইস্কাটনে কেএফসি শাখা চালু করায় তাঁরা আনন্দিত বলে জানান। কারণ এ এলাকায় প্রায়ই তাঁদের আসতে হয়।উল্লেখ্য, আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট কেএফসি ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় তাদের প্রথম আউটলেট খোলে। বর্তমানে কেএফসির ছয়টি আউটলেট আছে। এর মধ্যে পাঁচটি ঢাকায় এবং একটি চট্টগ্রামে। ঢাকায় গুলশান, বনানী, বেইলি রোড, ধানমন্ডি ও নিউ ইস্কাটনে এবং চট্টগ্রামের লালখান বাজারে এই আউটলেটগুলো অবস্থিত।