নিউইয়র্কে আবাসন মেলা করছে রিহ্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রবাসে উপার্জন স্বদেশে আবাসন’ স্লোগান নিয়ে আমেরিকার নিউইয়র্কে আবাসন মেলার আয়োজন করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
নিউইয়র্কের সাউন্ডভিউ ব্রডকাস্ট্রিংয়ে (এনটিভি বিল্ডিং) তিন দিনব্যাপী এই মেলা শুরু হবে ১ সেপ্টেম্বর। এতে দেশের ৫০টি আবাসন প্রতিষ্ঠান অংশ নেবে।
রাজধানীর একটি হোটেল রিহ্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার এসব কথা জানান হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. আবদুর রশীদ ও লিয়াকত আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম, মেলা কমিটির কো-চেয়ারম্যান মো. মোস্তফা শহীদ প্রমুখ।
লিখিত বক্তব্যে ওয়াহিদুজ্জামান বলেন, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে কেবল অনুমোদিত প্রকল্প এবং এ-সংক্রান্ত কাগজপত্র স্টলে প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কোনো প্রতিষ্ঠান অননুমোদিত প্রকল্প মেলায় প্রদর্শন করলে কী ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোস্তফা শহীদ বলেন, সব প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সর্তক করে দেওয়া হয়েছে। তার পরও কেউ অনুমোদনহীন প্রকল্প বেচাকেনা করলে তাৎক্ষণিকভাবে স্টল বন্ধ করে দেওয়া হবে।
গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অ্যাপার্টমেন্ট কেনার জন্য বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা হয়। অভিযোগ আছে, এর সঙ্গে রিহ্যাবের কোনো কোনো সদস্য জড়িত আছেন—সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লিয়াকত আলী ভূঁইয়া বলেন, এখনো কেউ বের করতে পারেনি এ ঘটনার পেছনে কারা জড়িত। তবে রিহ্যাব এই অবৈধ কাজটি বন্ধ করতে চেষ্টা করেছে। বাংলাদেশ ব্যাংকে রিহ্যাবের প্রতিনিধিদল গেছে। রিহ্যাব সদস্যদের কেউ এর সঙ্গে জড়িত নয়।