নিউইয়র্ক ফেডের গাফিলতি ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকারদের ১০০ কোটি ডলারের চুরি ঠেকাতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ (ফেড) ব্যাংকের গাফিলতি ছিল। বিভিন্ন দিক থেকে সতর্কবার্তা পাওয়ার পরও ফেড এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি। ফেডের গাফিলতির কারণে পুরো ১০০ কোটি ডলারই চুরি হওয়ার উপক্রম হয়েছিল। রয়টার্সের নিজস্ব অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
রিজার্ভ চুরির এ ঘটনায় ফেডের সবচেয়ে বড় যে দুর্বলতার দিকটি বেরিয়ে এসেছে সেটি হলো, ঘটনা ঘটার সময়ের মধ্যে চুরি ঠেকানোর কোনো কার্যকর ব্যবস্থা তাদের নেই। একটি লেনদেন সম্পন্ন হওয়ার পর তারা সমস্যার ধরন সম্পর্কে বুঝতে পারে।
নিউইয়র্ক ফেডের কাছে হ্যাকারদের পাঠানো নির্দেশনাগুলো অনেক দিক থেকেই ব্যতিক্রম ছিল। প্রথমত, নির্দেশনাগুলো ছিল ভুলভাবে লেখা। দ্বিতীয়ত, অর্থ স্থানান্তরের নির্দেশনা ব্যক্তির নামে পাঠানো হয়েছিল। তৃতীয়ত, অর্থ লেনদেনের জন্য যেভাবে বাংলাদেশ ব্যাংক ফেডের কাছে বার্তা পাঠায়, সেটির সঙ্গে হ্যাকারদের বার্তার কোনো মিলই ছিল না। এতগুলো গরমিলের পরও জুপিটার শব্দটির কারণেই ফেডের ব্যবস্থায় সবচেয়ে জোরালো সতর্কসংকেত বেজে ওঠে। এরপরও অর্থ স্থানান্তর ঠেকাতে ফেডের উদ্যোগ ছিল ঢিলেঢালা।
প্রতারণার বিষয়টি যখন ফেড বুঝতে পারে, তার আগেই ৫টি নির্দেশনার মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনে, আর ২ কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরেও ফেড কেন যথাযথ ব্যবস্থা নিল না, সে বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে কোনো উত্তর পাওয়া যায়নি।
চুরি যাওয়া অর্থ ছাড়ের ক্ষেত্রে ফেডের আরও কিছু দুর্বলতার চিত্র রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে। হ্যাকাররা এক দিনের ব্যবধানে ৩৫টি নির্দেশনা পাঠায়, বাংলাদেশ ব্যাংক থেকে এক দিনে এত নির্দেশনা কখনোই আসে না। ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ফেডের লেনদেনের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, সপ্তাহে দুটির বেশি লেনদেনের নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে আসেনি। হ্যাকারদের পাঠানো ৩৫টি বার্তায় পাওনাদার ব্যাংকের পরিবর্তে ব্যক্তির নাম ছিল। অথচ গত আট মাসে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যক্তির সঙ্গে লেনদেনের কোনো নির্দেশনা আসেনি।
তদন্তকারী, আইনজীবী, বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তার অভিমত এবং রয়টার্সের নিজস্ব অনুসন্ধান থেকে এটা স্পষ্ট যে নিউইয়র্ক ফেডের আর্থিক লেনদেনব্যবস্থায় বড় ধরনের ত্রুটি রয়েছে। যুক্তরাষ্ট্রের ১২টি আঞ্চলিক ব্যাংকের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হলো নিউইয়র্ক ফেড, যেটিতে বিশ্বের অধিকাংশ দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জমা আছে।
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রে জানা গেছে, চুরি যাওয়া অর্থ ফেরত পেতে ফেডের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
রিজার্ভ চুরির বিষয়ে নিউইয়র্ক ফেডের বক্তব্য জানতে একাধিকবার রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। ফেড জানিয়েছে, বিষয়টি নিয়ে মার্কিন ডিপার্টমেন্ট অব জাস্টিস ও গোয়েন্দা সংস্থা এফবিআই এখন তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।
বাঁচিয়েছে জুপিটার: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৯৫ কোটি ডলার চুরি হওয়া ঠেকিয়েছে আসলে ‘জুপিটার’ শব্দটি। রিজার্ভের অর্থ চুরি করতে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের লেনদেনব্যবস্থা ব্যবহার করে ৩৫টি নির্দেশনার মাধ্যমে মোট ১০৫ কোটি ডলার ছাড় করার নির্দেশনা পাঠায়। হ্যাকারদের পাতা ফাঁদে পা দিয়ে এর মধ্যে ৫টি নির্দেশনা অনুযায়ী ১০ কোটি ১০ লাখ ডলারের স্থানান্তর কার্যকরও করে নিউইয়র্ক ফেড। তবে এই ক্ষতির পরিমাণ অনেক বেশি হতো যদি না চুরি হওয়া অর্থের সঙ্গে জুপিটার শব্দটি যুক্ত না থাকত।
পাচার হওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ৮ কোটি ডলার পাঠানো হয়েছিল ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের জুপিটার শাখায়। আবার ইরানের তেলের ট্যাংকার ও শিপিং ব্যবসা করা একটি কোম্পানির নামও জুপিটার। ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে নিউইয়র্ক ফেডের লেনদেনব্যবস্থায় জুপিটার নামযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন আটকে দেওয়া হয়। কিন্তু নিউইয়র্ক ফেড তখনো বুঝতে পারেনি, এই জুপিটার ইরানের কোনো প্রতিষ্ঠান নয়। তাই স্রেফ ভাগ্যের জোরে ৯৫ কোটি ডলারের লেনদেন আটকে যায়।
ফেডের লেনদেনের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, হ্যাকারদের পাঠানো নির্দেশনা অনুযায়ী ৯৫ কোটি ১০ লাখ ডলারের স্থানান্তর আটকে যাওয়ার ঘটনাটিই ছিল একটি ‘বড় অঘটন’। জুপিটার নামের ইরানের অয়েল ট্যাংকার অথবা শিপিং কোম্পানির এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি।