নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখা হলো
ঘূর্ণিঝড় স্যান্ডির প্রবল আঘাতের আশঙ্কায় গতকাল নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখা হয়। আজ মঙ্গলবারও প্রাথমিকভাবে এই স্টক এক্সচেঞ্জের লেনদেন স্থগিত থাকবে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ন্যাসডাকও গতকাল বন্ধ রাখা হয়। এর ফলে ২৭ বছরের মধ্যে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে স্টক এক্সচেঞ্জ বা শেয়ারাবাজারে লেনদেন বন্ধ রাখা হলো। এর আগে ১৯৮৫ সালের সেপ্টেম্বর মাসে ঘূর্ণিঝড় গ্লোরিয়ার কারণে আমেরিকায় শেয়ারাবাজার বন্ধ রাখতে হয়েছিল। নিউইয়র্কের ‘আর্থিক জেলা’ (ফিন্যানশিয়াল ডিস্ট্রিক্ট) হিসেবে পরিচিত এলাকার বড় অংশজুড়ে অবস্থিত ভবন থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। গোল্ডম্যান স্যাক্স ও সিটিগ্রুপের মতো বড় বড় আর্থিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের অফিসে যেতে বারণ করে দিয়েছে। গোটা নিউইয়র্কের গণপরিবহন বন্ধ করে দেওয়ায় মানুষজনের পক্ষে কর্মস্থলে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। সূত্র: বিবিসি।