নিউইয়র্কে জ্বালানি সংকট, বিনা মূল্যে পেট্রল বিতরণ
ঘূর্ণিঝড় স্যান্ডির তাণ্ডবে যুক্তরাষ্ট্রের জ্বালানিব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার পরিস্থিতিতে দেশটির নিউইয়র্ক শহরে বিনা মূল্যে পেট্রল বিতরণ করা হয়েছে। ট্রাকে করে গত শনিবার এই পেট্রল বিতরণ করা হয়, যা শহরবাসীর মধ্যে স্বস্তি এনে দেয়।তবে একটি জরুরি জ্বালানি সরবরাহ কেন্দ্রে প্রতিশ্রুত জ্বালানি না আসায় বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকেরা সেটি অবরোধ করে রাখে। জ্বালানি পাওয়ার আশায় এখনো শত শত গাড়ি দীর্ঘ সময় অপেক্ষা করছে। এ ছাড়া মানুষজনকে ন্যাশনাল গার্ডের একটি অস্ত্রাগার থেকেও জ্বালানি সংগ্রহ করতে দেখা গেছে। সেখান থেকে বিনা মূল্যে ১০ গ্যালন করে জ্বালানি প্রদান করা হচ্ছে। স্যান্ডির তাণ্ডবের পর জ্বালানিসংকট মেটাতে কর্তৃপক্ষ এই জরুরি ব্যবস্থা নেয়। তেলের জন্য একটি জ্বালানি কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে থাকা গ্রেই ভিকুনা বলেন, ‘আমি একটি টিভি চ্যানেলে জ্বালানি বিতরণের বিষয়টি জানতে ফের দ্রুত এখানে ছুটে এসেছি। আমি সকাল ১০টার দিকে এখানে পৌঁছেছি।’ তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন বলে উল্লেখ করেন। জ্বালানি নিতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেকেই ফিরে গেছেন। তাঁদেরই একজন আফিয়াহ্ মুহামঞ্চদ জানান, জ্বালানি বিতরণের কথা জানতে পেরে তিনি দ্রুত চলে আসেন। কিন্তু অপেক্ষা করার দুর্বিষহ অবস্থা সহ্য করতে না পেরে তিনি ফিরে যাচ্ছেন। সূত্র: বাসস ও এএফপি।