নিউইয়র্কে শুনানি হতে পারে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রিজার্ভের অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটা শুনানি হতে পারে। অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ফিলিপাইনে গেছেন। কিছু অর্থ উদ্ধার হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পরামর্শক এবং অতিরিক্ত কাজ ব্যাপকভাবে কমিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাস্ট বি ড্রাস্টিকালি কাট।’
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মদক্ষতা কমেনি, ব্যাংকের সংখ্যা বেড়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকে অনেক সংস্কার হচ্ছে। তাদের নিজস্ব অনেক বিভাগ আছে, এগুলো অনেকটা অকেজো হয়ে গিয়েছিল। এগুলো আবার কাজে লাগছে।
বাংলাদেশ ব্যাংক পরামর্শকদের ওপর অনেক নির্ভরশীল হয়ে পড়েছিল, এমন ধারণার পরিবর্তন এসেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি বাংলাদেশ ব্যাংককে তেমন একটা নির্দেশনা দিই না। নির্দেশনা একটাই, এতসংখ্যক পরামর্শক দ্রুত কমিয়ে আনতে হবে। আজকে বলেছি, বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম একটাই, অনানুষ্ঠানিকভাবে অনেক চলছে। এসবও কমিয়ে আনতে হবে।’
এর আগে বাংলাদেশ ব্যাংকের জাতীয় শোক দিবস পালন কমিটির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ আর্থিক খাত জাতিগতভাবেই আসলে উন্নত। এ মুহূর্তে আমরা এটা নিয়ে গর্ব করতে পারি। খারাপও কিছু আছে, সোনালী ব্যাংকে বহু টাকা লুট হয়েছে। বেসিক ব্যাংক অনেক বিপদে আছে। তাদের সংস্কার প্রয়োজন, হচ্ছেও। যারা এসব দুষ্টু কাজে লিপ্ত ছিল, তাদের শাস্তি হচ্ছে। প্রভাব-প্রতিপত্তিনির্বিশেষে শাস্তি হচ্ছে। আইনের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। এটাই আর্থিক খাতের সুশাসনের পরিচয় চিহ্ন।’
বঙ্গবন্ধুর ৪১তম শাহাদতবার্ষিকীর আলোচনায় বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান ও গভর্নর ফজলে কবির। আলোচক ছিলেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান এবং এস কে সুর চৌধুরী। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নেছার আহাম্মদ ভূঞা।