নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় নতুন সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের চারটি জেটি দরপত্রের মাধ্যমে বেসরকারি চারটি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে টার্মিনালটি পরিচালনার আগ পর্যন্ত সনাতন পদ্ধতিতে অর্থাৎ জাহাজের ক্রেনের মাধ্যমে এই টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর ব্যবস্থা করা হচ্ছে।
জানা গেছে, পরিচালনা পদ্ধতি নিয়ে বিতর্কের কারণে প্রায় সাত বছরেও পুরোপুরি চালু করা যায়নি টার্মিনালটি। তবে জেটি নির্মাণের পর সাইফ পাওয়ারটেক লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে সরাসরি ক্রয়পদ্ধতির মাধ্যমে দুটি জেটি পরিচালনার ভার দেওয়া হয়। প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের আগামী ডিসেম্বর পর্যন্ত দুটি জেটি পরিচালনার চুক্তি রয়েছে।
এই চুক্তির মেয়াদ শেষ হলেই চারটি প্রতিষ্ঠানকে চারটি জেটি পরিচালনার দায়িত্বর দেওয়া হবে। এ জন্য দরপত্রের প্রক্রিয়া কয়েক দিনের মধ্যে শুরু হবে। জেটি পরিচালনার জন্য নির্বাচিত প্রতিষ্ঠান জাহাজের ক্রেনের সাহায্যে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করবে। তবে ইয়ার্ডে কনটেইনার আনা-নেওয়ার জন্য যন্ত্রপাতি সরবরাহ করবে বন্দর। পাঁচ জেটির এই টার্মিনালের একটি জেটি পানগাঁও নৌ টার্মিনালের কনটেইনার ওঠানো-নামানোর জন্য ব্যবহৃত হবে।
জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, এনসিটি পরিচালনা পদ্ধতি নিয়ে নৌ মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করছে। কমিটির প্রতিবেদনের ওপর মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কীভাবে টার্মিনালটি পরিচালিত হবে। তবে আধুনিক যন্ত্রপাতি দিয়ে টার্মিনালটি পরিচালনা শুরু করতে অন্তত দেড়-দুই বছর সময় লাগবে। এ সময়ে কনটেইনার পরিবহনের চাপ সামলাতে চারটি জেটির জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে।
জানা গেছে, এনসিটির দুটিসহ বর্তমানে সনাতন এবং আধুনিক পদ্ধতিতে ১০টি জেটিতে কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে। এনসিটির চারটি জেটি দরপত্রের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হলে কনটেইনার ওঠানো-নামানোর জেটির সংখ্যা দাঁড়াবে ১৪টিতে।
প্রসঙ্গত, ২০০৭ সালের ডিসেম্বরে এক কিলোমিটার লম্বা এই টার্মিনালের নির্মাণকাজ শেষ হয়েছিল। জেটি ও কনটেইনার রাখার চত্বরসহ টার্মিনালটি নির্মাণে বন্দরের ব্যয় হয় প্রায় ৫৬৬ কোটি টাকা। এই টার্মিনালটি পরিচালনার জন্য তিনবার দরপত্র আহ্বান ও বাতিল করা হয়েছে।
এই টার্মিনাল পরিচালনার জন্য যন্ত্রপাতি বাবদ এক হাজার ১২০ কোটি টাকা ব্যয় হবে। এ টাকা খরচ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঠিকাদারকে যন্ত্রপাতি কিনে দেবে, না ঠিকাদার নিজে যন্ত্রপাতি কিনে পণ্য পরিবহন করবে—এ বিতর্কের কারণে এখন টার্মিনালটি পুরোদমে চালু হচ্ছে না।