চ্ট্টগ্রাম বন্দরের টাকায় যন্ত্রপাতি কিনে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় আপত্তি জানিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।অর্থমন্ত্রীও এক চিঠিতে যন্ত্রপাতি কেনার বিপক্ষে অবস্থান তুলে ধরেছিলেন।
শেষ পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় যন্ত্রপাতি সংগ্রহের দরপত্র বাতিল করেছে।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের টাকায় সম্ভাব্য এক হাজার ১২০ কোটি টাকায় ৬১টি যন্ত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছিল বন্দর কর্তৃপক্ষ। এ জন্য বন্দর কর্তৃপক্ষ গত ১৪ মে প্রথম ধাপে সম্ভাব্য ৩৬০ কোটি টাকার ছয়টি গ্যান্ট্রি ক্রেন কেনার দরপত্র আহ্বান করে। ২২ জুলাই দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল। তবে গতকাল মঙ্গলবার পত্রিকায় এ দরপত্র বাতিলের নির্দেশনার বিজ্ঞপ্তি পাঠায় বন্দর কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে সই করেন বন্দরের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক)।
বন্দর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে এক সভায় বন্দরের টাকায় যন্ত্রপাতি না কেনার পরিবর্তে বেসরকারি অপারেটরের মাধ্যমে যন্ত্রপাতি কিনে টার্মিনালটি পরিচালনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভার পর মূলত বন্দর কর্তৃপক্ষ এ দরপত্র বাতিল করে।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, টার্মিনালটি পরিচালনার ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত করেই বিষয়টি জানানো হবে বলে তিনি জানান।
জানা গেছে, আজ বুধবার বন্দর উপদেষ্টা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। উপদেষ্টা কমিটির সভা থেকে নতুন সিদ্ধান্তের বিষয়টি জানানো হতে পারে বলে বন্দরের একটি সূত্র জানায়।
বন্দর সূত্রে জানা গেছে, ২০০৭ সালে এই টার্মিনাল নির্মাণ করে বন্দর। বিগত সরকারের শেষ সময়ে টার্মিনালে যন্ত্রপাতি সংগ্রহসহ পরিচালনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে কর্তৃপক্ষ। কিন্তু দরপত্র নিয়ে সে সময়ে উচ্চ আদালতে মামলা হয়। বন্দর জটিলতা এড়াতে নিজেরা যন্ত্রপাতি ক্রয় করে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল।