নিখোঁজ কনটেইনারটি এখন মালয়েশিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন থেকে বৈদ্যুতিক পাখার রেগুলেটরের সরঞ্জাম এনেছিল নারায়ণগঞ্জের সুপারস্টার ইলেকট্রিক্যাল এক্সেসরিজ লিমিটেড। নানা প্রক্রিয়া শেষে খালাস নিতে গিয়ে আমদানিকারক জানতে পারেন, কনটেইনারটি বন্দরে নেই। খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত জানা গেল, খালি কনটেইনার হিসেবে মালয়েশিয়াগামী একটি জাহাজে তুলে দেওয়া হয়েছে কনটেইনারটি। নিজেদের আমদানি পণ্য ফিরিয়ে আনতে এখন দৌড়ঝাঁপ করছেন আমদানিকারক।

নিখোঁজ হওয়া কনটেইনারটির নম্বর ‘এমএসকেইউ ৪৩৬৫৯৫৪’। কনটেইনারটি গত ১৮ মে মালয়েশিয়াগামী এমসিসি জাভা জাহাজে তুলে দেওয়া হয় বলে আমদানিকারকের প্রতিনিধিরা নিশ্চিত হয়েছেন। প্রথম আলোকে গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারকের প্রতিনিধি টেক্সমার্ট ইন্টারন্যাশনালের কর্ণধার মোজাম্মেল হক।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চীন থেকে এক কনটেইনার আনা ৪৬ হাজার ডলার মূল্যের পণ্যটি খালাসের জন্য গত ৫ মে নথিপত্র জমা দেন আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্ট টেক্সমার্ট ইন্টারন্যাশনালের কর্মীরা। প্রথম দফায় পণ্য চালানটি খালাসের সময় নির্ধারণ করা হয় ১৪ মে। শুল্কায়ন–সংক্রান্ত জটিলতা থাকায় খালাস স্থগিত করা হয়। পরে জটিলতা নিরসন হলে গত ২৪ জুন বন্দর চত্বর থেকে কনটেইনারটি খালাস নিতে যান আমদানিকারকের প্রতিনিধিরা। কিন্তু কনটেইনারটি কোথাও খুঁজে পাননি তাঁরা। বন্দরে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোও কনটেইনারটির অবস্থান দিতে ব্যর্থ হয়। পরে বিষয়টি বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

কাস্টম হাউসের সহকারী কমিশনার মুকিতুল হাসান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, খালাস নিতে গিয়ে আমদানিকারক পণ্যভর্তি কনটেইনারটি খুঁজে পাইনি বলে কাস্টমসকে চিঠি দিয়ে জানিয়েছেন। কনটেইনারটি খুঁজে দেওয়ার দায়িত্ব বন্দরের।

বন্দর সূত্র জানায়, এর আগেও আরেকটি আমদানি পণ্যভর্তি কনটেইনার ভুলে মালয়েশিয়াগামী জাহাজে তুলে দেওয়া হয়েছিল। পরে সেটি ফিরিয়ে আনা হয়। সম্প্রতি বন্দর চত্বরে খালি কনটেইনারের সংখ্যা বেড়ে যাওয়ায় বাধ্যতামূলকভাবে কিছু খালি কনটেইনার সহজীকরণ করা হয়। সে সময় বন্দরের পরিচালন কার্যক্রমে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভুলে এসব পণ্যভর্তি কনটেইনার খালি হিসেবে বিদেশগামী জাহাজে তুলে দেওয়া হয়।

কনটেইনারটি ছিল এনসিটি টার্মিনালে। এই টার্মিনালে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন তানভীর হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা কনটেইনারটি জাহাজে তোলার দায়িত্বে ছিলাম না।’

জানতে চাইলে বন্দর পর্ষদ সদস্য জাফর আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘একটি পণ্যভর্তি কনটেইনার ফিরিয়ে আনা হয়েছে। আরেকটি কার ভুলে কীভাবে অন্য বন্দরে গেল, তা শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’