নিখোঁজ পোশাকশ্রমিকদের স্বীকৃত তালিকা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের পর ১৫ মাস পার হলেও পোশাক কারখানার নিখোঁজ শ্রমিকদের কেউ স্বীকৃতি পাননি। কারণ, সরকার এখন পর্যন্ত চূড়ান্ত কোনো তালিকা প্রকাশ করতে পারেনি। আর এ জন্যই নিখোঁজ শ্রমিকদের পরিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান পায়নি। ক্ষতিপূরণ পাওয়া নিয়েও আছে জটিলতা।

এদিকে নিখোঁজ শ্রমিকদের তালিকা প্রকাশের বিষয়ে সরকারের গাফিলতির প্রমাণও পাওয়া গেছে। এক মাস আগে যাচাই-বাছাই করে ঢাকার জেলা প্রশাসন ১৩৫ জনের একটি তালিকা চূড়ান্ত করার কাজ সম্পন্ন করে। তবে প্রশাসন সেটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে বা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমা দেয়নি। কারণ, এ বিষয়ে কাজ করা বা তালিকা জমা দেওয়ার বিষয়ে লিখিত কোনো নির্দেশনাই তাদের দেওয়া হয়নি।

এ বিষয়ে ঢাকা জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. একরামুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের অনানুষ্ঠানিকভাবে আমরা তালিকাটি দিয়েছি।’

অন্যদিকে এক বছর চুপ থাকার পর গত এপ্রিলে পোশাকমালিকদের সমিতি বিজিএমইএ নিখোঁজ শ্রমিকদের তালিকা তৈরির কাজ শুরু করে। এ জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তবে তিন মাসেও নিখোঁজ শ্রমিকদের তালিকা চূড়ান্ত করতে পারেনি কমিটি। অবশ্য প্রাথমিকভাবে ১৬০ জন শ্রমিক নিখোঁজ থাকার বিষয়ে নিশ্চিত হয়েছেন কমিটির সদস্যরা। এর মধ্যে ১৩৫ জনের নাম প্রশাসনের তালিকা থেকেই নেওয়া হয়েছে।

কমিটির একাধিক সদস্য জানান, ঈদের আগে তালিকাটি চূড়ান্ত হওয়ার কোনো সম্ভাবনা ​নেই। যদিও গত জুন মাসের মধ্যেই এই তালিকাটি চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো এবং ত্রাণ তহবিল থেকে তাঁদের অনুদান দেওয়ার সুপারিশ করার কথা বলেছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।

এ বিষয়ে গত মঙ্গলবার আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শেষ করতে পারিনি। তাই বলে আমাদের কাজ থেমে নেই। আমরা লেগে আছি, এটাই বড় কথা। একজন নিখোঁজ শ্রমিকের পরিবারও যেন বঞ্চিত না হয়, সে জন্য আমরা নির্ভুল তালিকা তৈরির চেষ্টা করছি।’

এদিকে গত ১৫ মাসেও নিখোঁজ শ্রমিকদের তালিকা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক শ্রমিকনেতা। তাঁরা বলছেন, নিখোঁজ শ্রমিক পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দূরে থাক, আমরা এখনো তাঁদের স্বীকৃতিই দিতে পারিনি। এটি খুবই লজ্জাজনক। এর দায় সরকার বা বিজিএমইএ এড়াতে পারে না।

এ প্রসঙ্গে গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখ্তার বলেন, নিখোঁজ শ্রমিকের পরিবারগুলো দুরবস্থার মধ্যে আছে। ক্ষতিপূরণের জন্য এখানে-সেখানে ঘুরছে। নানাভাবে তারা হয়রানি শিকার হচ্ছে। অনেক আগেই সরকার একটি সমন্বিত তালিকা তৈরি করে তাদের এই কষ্ট থেকে মুক্তি দিতে পারত।

ভবনধসের পর গত বছর ক্ষতিগ্রস্ত তিন হাজার ৬৩৯ জন শ্রমিককে প্রাইমার্ক নয় মাসের বেতন বাবদ ৪৫ হাজার টাকা করে দেয়। গত এপ্রিলে ‘রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ড’ নামের আন্তর্জাতিক তহবিল থেকে ক্ষতিগ্রস্ত দুই হাজার ৯২৯ জনকে ৫০ হাজার টাকা করে থোক বরাদ্দ দেওয়া হয়। এখন পর্যন্ত এই টাকাই (৯৫ হাজার) পেয়েছেন নিখোঁজ শ্রমিকের পরিবার। তবে পরিচয় নিশ্চিত হওয়া নিহত ও আহত শ্রমিকদের অধিকাংশকেই প্রধানমন্ত্রীর তহবিল থেকে মোট ২২ কোটি টাকা অনুদান দেওয়া হয়।

গত বছরের ২৪ এপ্রিল বাংলাদেশের পোশাকশিল্পের ইতিহাসের ভয়াবহতম দুর্ঘটনা ঘটে। ওই দিন সকালে রানা প্লাজা ধসে পড়ে। এতে এক হাজার ১৩৬ জন শ্রমিক নিহত হন। আহত হন কয়েক শ শ্রমিক। নিহতের মধ্যে ৮৪৫টি লাশ শনাক্ত করে তাৎক্ষণিকভাবে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়। অশনাক্ত ২৯১ লাশ জুরাইনে ও দেশের বিভিন্ন স্থানে ১০ লাশ দাফন করা হয়।

এই ৩০১ জন এবং স্বজনদের নিয়ে যাওয়া ২১ জনের মৃতদেহসহ ৩২২ জনের দাঁত ও হাড়ের নমুনা সরকারের পক্ষ থেকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠায়। আর মৃত ব্যক্তিদের আত্মীয় দাবি করে ৫৬১ জন রক্তের নমুনা জমা দেন। তবে ডিএনএ পরীক্ষায় মাত্র ২০৬টি অশানক্ত লাশের পরিচয় জানা যায়।

জানা যায়, স্থানীয় প্রশাসনের মাধ্যমে ৫৬১ জন দাবিদারের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে ১৩৫ জন নিখোঁজ শ্রমিকের তালিকা চূড়ান্ত করে জেলা প্রশাসন। অন্যদিকে বিজিএমইএর জেলা প্রশাসনের এই তালিকা এবং শ্রমিক সংগঠনের নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৬০ জনের তালিকাটি করে।

অবশ্য বিজিএমইএর এই প্রাথমিক তালিকায় কিছু ত্রুটি-বিচ্যুতি থাকার কথা জানিয়েছে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন দপ্তর। তারা বলছে, নিখোঁজের তালিকায় থাকা হবিগঞ্জের ব্রজেশ্বর, সভারের মনির হোসেন ও রাজশাহীর ফোরজানের ডিএনএ পরীক্ষায় লাশ শনাক্ত হয়েছে। তা ছাড়া তালিকা থাকায় নরসিংদীর নুরুল ইসলাম নামের শ্রমিক নিখোঁজ নেই। মিথ্যা তথ্য দিয়ে তিনি অর্থ আত্মসাতের চেষ্টা করছেন। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন নরসিংদীর জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছেন।

এসব তথ্য অবহিত করে জানতে চাইলে বিজিএমইএর অতিরিক্ত সচিব জগলুল হায়দার বলেন, ‘এই নামগুলো আমরা বাদ দে​ব।’

শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফয়জুর রহমান বলেন, ‘জেলা প্রশাসন ও বিজিএমইএ তালিকা পাওয়ার পর আমরা গোয়েন্দা সংস্থা দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে একটি স্বীকৃত তালিকা তৈরি করব। এ জন্য শিগগিরই কাজ শুরু হবে। তারপর ​তালিকাটি প্রধানমন্ত্রীর দপ্তরে অনুদানের জন্য পাঠানো হবে।’