রানা প্লাজা ধস: ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া তিন শ্রমিকের কবর পাওয়া যায়নি
নিখোঁজ শ্রমিকদের তালিকা প্রকাশসহ সাত দফা দাবি
হাইকোর্টে দেওয়া শ্রম মন্ত্রণালয়ের তালিকায় রানা প্লাজা ধসে নিখোঁজ শ্রমিকের সংখ্যা ৩৭৯। সেনাবাহিনীর তালিকায় বলা হচ্ছে নিখোঁজ ২৬১ জন, আর এখনো ডিএনএ মেলেনি ১৫৯ জনের। অথচ জুরাইনে অশনাক্ত কবর আছে ২৯১টি।
একেক তালিকায় একক রকম তথ্য কেন, এমন প্রশ্ন তুলে শিগগিরই এই গরমিল দূর করে রানা প্লাজা ধসে আহত, নিহত ও নিখোঁজ মোট শ্রমিকের তালিকা প্রকাশসহ সাত দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
অন্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অবিলম্বে সব ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া, পুনরায় উদ্ধার অভিযান শুরু এবং দোষী ব্যক্তিদের বিচার ও শাস্তি।
রাজধানীর তোপখানা রোডের কমরেড নির্মল সেন মিলনায়তনে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ এই দাবিগুলো তুলে ধরেন সংগঠনের সমন্বয়ক তাসলিমা আখতার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা জুলহাসনাইন ওরফে বাবু, দীপক রায় প্রমুখ।
এতে রানা প্লাজা ধসে নিহত শ্রমিক লিজা, সাহেদুল, রিয়াজুল ও এবাদুলের স্বজনেরাও উপস্থিত ছিলেন।
তাসলিমা আখতার বলেন, ‘ডিএনএ পরীক্ষার পর আমরা ধারণা করেছিলাম ১৫৭ জনের আত্মীয়েরা মৃত ব্যক্তিদের কবর চিহ্নিত করতে পারবেন। কিন্তু সরেজমিনে পর্যবেক্ষণ করে আমরা দেখেছি ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা লিজা আক্তার, রিয়াজুল ইসলাম ও সাহেদুলের কবর পাওয়া যায়নি। ফলে ডিএনএ পরীক্ষাই একমাত্র উপায় হতে পারে না। শতাধিক শ্রমিক আছেন, যাঁদের লাশ বা দেহাবশেষ ডিএনএ পর্যন্ত যাওয়ার সুযোগই হয়নি। এখন সেই সুযোগও ক্ষীণ।’
সংগঠনের সমন্বয়ক তাসলিমা আরও বলেন, ‘তাই আমরা সরকারের কাছে দাবি করছি, শিগগিরই সব নিখোঁজ ব্যক্তির প্রয়োজনীয় তথ্য যাচাই করে তাঁদের নিহত হিসেবে ঘোষণা করুন। প্রায় নয় মাস ধরে যে নিখোঁজ শ্রমিকের পরিবার হন্যে হয়ে আপনজনদের খুঁজছেন, তাঁদের হয়রানি থেকে নিস্তার দিন।’
সাভার ভবনধসের এক হাজার ১৩৪ জন নিহতের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে তাসলিমা আখতার বলেন, ‘আমরা শঙ্কার সঙ্গে লক্ষ করলাম, অভিযুক্ত দুজন কারখানার মালিক ২৭ জানুয়ারি ছয় মাসের জামিনে ছাড়া পেয়েছেন। অন্যদিকে ভবনের মালিকও জামিনের চেষ্টা চালাচ্ছেন। একদিকে রানা প্লাজা ধসে দোষীরা জামিন পাচ্ছেন। অন্যদিকে শত শ্রমিককে আগুন পুড়ে তাজরীনের মালিক নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন।’