তালিকাভুক্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোনো রকম অসংগতি বা সন্দেহজনক তথ্য পাওয়া গেলে ওই হিসাব পুনর্নিরীক্ষা করবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।নিজ খরচে নিজস্ব পছন্দের নিরীক্ষা-প্রতিষ্ঠানকে দিয়ে এসইসি এই পুনর্নিরীক্ষা সম্পন্ন করবে। এ জন্য ১৯৮৭ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা সংশোধন করে এ-সংক্রান্ত নতুন বিধান সংযোজন করার উদ্যোগ নেওয়া হয়েছে।নতুন আইনি ধারা সংযোজনের বিষয়টি এরই মধ্যে কমিশন সভায় নীতিগতভাবে অনুমোদন করা হয়। এখন এ ব্যাপারে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হচ্ছে। আগামী ৭ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ব্যাপারে মতামত দিতে পারবেন।জানা যায়, এর আগেও এসইসি তালিকাভুক্ত যেকোনো কোম্পানির আর্থিক প্রতিবেদন পুনর্নিরীক্ষা করতে পারত। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিকেই তার ব্যয় বহন করতে হতো। কিন্তু এসইসি বেশ কয়েকটি কোম্পানির হিসাব পুনর্নিরীক্ষা করালেও নিরীক্ষা-প্রতিষ্ঠানগুলোর পাওনা পরিশোধ নিয়ে একধরনের জটিলতা তৈরি হয়।আইনগত এখতিয়ার না থাকায় এসইসির পক্ষে পুনর্নিরীক্ষার ব্যয় বহন করা যেমন সম্ভব ছিল না, তেমনি পুনর্নিরীক্ষার ব্যয় বহনে কোম্পানিগুলোরও অনীহা রয়েছে। এমন পরিস্থিতিতে নিরীক্ষা-প্রতিষ্ঠানের পাওনা পরিশোধে এসইসি অর্থ মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়।ভবিষ্যতে যাতে এ ধরনের জটিলতা আর তৈরি না হয় এবং এসইসি নিজেদের মতো করে আর্থিক প্রতিবেদন পুনর্নিরীক্ষা করতে পারে, সে জন্য নতুন বিধান করার উদ্যোগ নিয়েছে এসইসি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন এই বিধান কার্যকর হলে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন তৈরিতে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।