নিজ মুদ্রায় বাণিজ্য করবে ব্রিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট নিজ মুদ্রায় বাণিজ্য সম্পন্ন করার বিষয়ে একমত হয়েছে। এ জন্য জোটের সদস্য দেশগুলোর ব্যাংকসমূহ একে অন্যকে নিজ মুদ্রায় ঋণ প্রদান করতে পারবে। এতে করে আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।উদীয়মান দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের সমান্তরালে একটি ‘ব্রিকস উন্নয়ন ব্যাংক’ গঠনের বিষয়টি পর্যালোচনার জন্যও দেশগুলোর নেতারা সম্মত হয়েছেন।ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া চতুর্থ ব্রিকস শীর্ষ সম্মেলনে এসব সিদ্ধান্ত হয়। দিল্লি ঘোষণা গ্রহণের মাধ্যমে এই সম্মেলন শেষ হয়েছে। এর আগে গত বুধবার ব্রিকস বাণিজ্যমন্ত্রীরা আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন।ঘোষণা অনুসারে ব্রিকস উন্নয়ন ব্যাংক গঠনের জন্য ব্রিকস দেশগুলোর অর্থমন্ত্রীরা একটি সমীক্ষা পরিচালনা করবেন। সমীক্ষা প্রতিবেদন আগামী সম্মেলনের আগেই দাখিল করা হবে।ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা যোগ দিয়েছেন।সম্মেলনে ব্রিকস নেতারা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সংস্কারের আহ্বান জানান। এ ক্ষেত্রে তাঁরা উন্নয়নশীল দেশগুলো থেকে প্রতিনিধিত্ব বাড়ানো এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে উন্নয়নশীল দেশগুলো থেকে অভিন্ন প্রার্থী দেওয়ার পক্ষে মত দেন।ইউরো অঞ্চলের আর্থিক সংকটে উদ্বেগ প্রকাশ করে ব্রিকস নেতারা বিষয়টির সমাধানে উন্নত বিশ্বকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।ব্রিকসের এই সম্মেলনকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিপরীতে নিজেদের অবস্থান শক্তিশালী করার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।সম্মেলনে গতকাল আনুষ্ঠানিকভাবে ব্রিকস প্রতিবেদন দাখিল করা হয়। তা থেকে দেখা যায়, বর্তমানে ব্রিকস বিশ্বের মোট ২৬ শতাংশ স্থানের অধিকারী এবং বিশ্বের মোট জনগোষ্ঠীর ৪২ শতাংশ এই দেশগুলোয় বসবাস করে।ব্রিকস মোট বৈশ্বিক জিডিপির (প্রায় সাড়ে ১৮ লাখ কোটি ডলার) ৪০ শতাংশ আসে ব্রিকস দেশগুলো থেকে। তা ছাড়া গত এক দশকে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির ৫০ শতাংশই ব্রিকস জোট থেকে এসেছে। ব্রিকস দেশগুলোর নিজেদের মধ্যকার বাণিজ্য বছরে গড়ে ২৮ শতাংশ হারে বাড়ছে। বর্তমানে এর পরিমাণ ২৩ হাজার কোটি ডলার। সূত্র: বিজনেস লাইন ও বিবিসি।