নিজস্ব অর্থায়নের ওপর গুরুত্ব দিচ্ছে ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাতাদের আর্থিক সহায়তা কমতে শুরু করায় আগামী দিনে নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। তারই অংশ হিসেবে ফান্ডনির্ভরতা কমিয়ে আগামী ২০২০ সাল নাগাদ ব্র্যাক ৯০ শতাংশ নিজস্ব অর্থায়নে সামাজিক কর্মকাণ্ড পরিচালিত করবে।

গত বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরা হয়। ‘টেকসই উন্নয়ন লক্ষ্য: ভবিষ্যৎ’ শীর্ষক এ সভার আয়োজন করে ব্র্যাক। এতে টেকসই উন্নয়ন লক্ষ্য শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের পরিচালক অধ্যাপক আবদুল বায়েস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড ইমপাওয়ারমেন্ট কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের পরিচালক কে এ এম মোর্শেদ।

মূল প্রবন্ধে আবদুল বায়েস বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ১৭টি লক্ষ্য অর্জনের কথা উল্লেখ থাকলেও এর মধ্যে বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় কয়েকটি বিষয় বিশেষভাবে অগ্রাধিকার দিতে হবে। এর মধ্যে রয়েছে মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা, খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব, পুষ্টিহীনতা, গুণগত শিক্ষা নিশ্চিত করা, নগরায়ণ ইত্যাদি।

নিজস্ব অর্থায়নের ওপর গুরুত্ব তুলে ধরে আসিফ সালেহ বলেন, সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে দাতাদের অর্থায়ন যে মাত্রায় ছিল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে দাতাদের কাছ থেকে আগের মতো আর্থিক সহায়তা পাওয়া যাবে না। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্র্যাক আগামী দিনে নতুন কর্মকৌশল হিসেবে নিজস্ব অর্থায়নের ওপর গুরুত্ব দিচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কে এ এম মোর্শেদ বলেন, ‘একটি জবাবদিহিমূলক সংস্থা হিসেবে আমরা নিয়মিত কর পরিশোধ করে আসছি। হাইকোর্ট জনহিতকর প্রতিষ্ঠান হিসেবে আমাদের কর পরিশোধের দায় থেকে অব্যাহতি দেন। পরে সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হলে তা আমাদের বিপক্ষে যায়। এখন আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।’ বিজ্ঞপ্তি