নিজস্ব এটিএম সেবা চালু করবে রূপালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক এক মাসের মধ্যে নিজস্ব এটিএম সেবা চালু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে ব্যাংকটির নির্দিষ্ট ২০ শাখার গ্রাহকদের এ কার্ড দেওয়া হবে।
জানা গেছে, নিজস্ব এটিএম কার্ড চালু করতে রূপালী ব্যাংক ইতিমধ্যে আইটি কনসালট্যান্ট লিমিটেডের (আইটিসিএল) সঙ্গে চুক্তি করেছে। শুরুতেই ব্যাংকটি ন্যাশনাল পেমেন্ট সুইচের (এনপিএস) আওতায় চলে আসবে। ফলে এ ব্যাংকের এটিএম কার্ডধারীরা এনপিএসে যুক্ত যেকোনো ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ তুলতে পারবেন।
এ সেবা চালুর লক্ষ্যে এখন রূপালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। ওই দলের পরীক্ষার পরই ব্যাংকটি এটিএম-সেবা চালু করবে।
সাম্প্রতিক সময়ে একটি গোয়েন্দা সংস্থা ‘রূপালী ব্যাংকের এটিএম বুথ থেকে ৫০০ কোটি টাকা উধাও’ শীর্ষক একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেয়। এরপরই ব্যাংকটি নিজস্ব এটিএম বুথ চালুর সিদ্ধান্ত নেয়।