নিজস্ব নকশায় তৈরি হয়েছে রেলওয়ের অত্যাধুনিক কোচ
বড় রেলপথে (বিজি) চলাচলের উপযোগী একটি প্রথম শ্রেণীর বিলাসবহুল ক্যারেজ বা কোচ তৈরি হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। কারখানার প্রকৌশলীদের নিজস্ব নকশায় কোচটি তৈরি হয়।জানা গেছে, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা কোচটির সুপার স্ট্রাকচার অর্থাৎ মূল কাঠামো তৈরির কাজ শুরু করেন। কোচটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৪৫ লাখ টাকা। এ ধরনের একটি কোচ বিদেশ থেকে আমদানি করতে প্রয়োজন হয় চার কোটি টাকা। সেই হিসাবে স্থানীয়ভাবে এই কোচ তৈরি করায় সরকারের সাড়ে তিন কোটি টাকার বেশি অর্থ সাশ্রয় হয়েছে বলে রেলওয়ের কর্মকর্তারা দাবি করেন।সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী প্রথম আলোকে জানান, ডব্লিউএফইসি ৫০০৮ মডেলের ওই কোচটিতে ১২টি বার্থ (শয়নসিট) ও ৪৪টি প্রথম শ্রেণীর চেয়ার রয়েছে। কোচটি দু-এক দিনের মধ্যেই যেকোনো যাত্রীবাহী ট্রেনে যুক্ত করা হবে।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম গতকাল শনিবার সৈয়দপুরের কারখানায় ওই কোচটির উদ্বোধন করেন। তিনি বলেন, নতুন নির্মিত কোচটি কেমন চলছে, তা যাচাইয়ের পর এ ধরনের আরও কোচ নির্মাণ করা হবে।’কোচটির উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) দুলাল চন্দ্র রায়, প্রধান পরিবহন তত্ত্বাবধায়ক (সিওপিএস) মো. সাইফুল ইসলাম ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম, পাকশী) পঙ্কজ সাহা এবং সৈয়দপুর রেলওয়ের কারখানার ওয়ার্কস ম্যানেজার (ডব্লিউএম) কাজী ওমর ফারুক।