ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে সালিস পদ্ধতি। বিবদমান দুই পক্ষের জন্যই এটি লাভজনক। নিজেদের স্বার্থেই ব্যবসায়ীদের সালিসি ব্যবস্থার প্রসার ঘটাতে হবে।গতকাল শনিবার রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) মিলনায়তনে ‘অগ্রসরমাণ অর্থনীতিতে সালিসি ব্যবস্থা’ শীর্ষক এক সংলাপে বক্তারা এসব কথা বলেন। ইউকে এইড, ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক)।বক্তারা বলেন, বর্তমানে দেশের আদালতগুলোতে এমনভাবে মামলাজট লেগে আছে যে একটি মামলা শেষ হতে দীর্ঘ সময় লেগে যায়। বিচারক-মামলা অনুপাতও বেশ ভারসাম্যহীন। তাই আইনজীবীরা ভালো উদ্দেশ্য নিয়ে চেষ্টা করলেও মামলা নিষ্পত্তি করতে পারেন না। এ অবস্থায় বিকল্প ব্যবস্থা হিসেবে সালিসের আশ্রয় নেওয়া হলে আদালতের ওপর যেমন চাপ কমবে, তেমনি দ্রুত বিরোধও নিষ্পত্তি করা যাবে।বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে সালিস-ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ বছরের ১১ এপ্রিল যাত্রা শুরু করে বিয়াক। সালিসি আইন (আরবিট্রেশন অ্যাক্ট) ২০০১-এর আওতায় এই কেন্দ্র গঠন করা হয়। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের বাংলাদেশ অংশ (আইসিসিবি), ঢাকা চেম্বার ও মেট্রোপলিটন চেম্বারের যৌথ উদ্যোগেই এটি গঠিত হয়।বিয়াকের সংলাপে সালিসি ব্যবস্থার ওপর দীর্ঘ আলোচনা করেন ওয়াশিংটনভিত্তিক আইন প্রতিষ্ঠান ক্রাউয়েল অ্যান্ড মরিঙ্গস ইন্টারন্যাশনাল আরবিট্রেশন প্র্যাকটিসের চেয়ারম্যান আরিফ হায়দার আলী। তিনি বলেন, ‘সালিসের জন্য সালিসকারী নিয়োগ দেওয়ার অর্থ হচ্ছে, বিরোধ নিষ্পত্তির জন্য একজন বেসরকারি বিচারক (প্রাইভেট জাজ) নিয়োগ করা। তাই সালিসকারীকে অবশ্যই স্বাধীন, পক্ষপাতহীন এবং ওই কাজে পারদর্শী হতে হবে।’অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতার কারণে ব্যবসায়িক ক্ষেত্রের অনেক অগ্রগতি আটকে যায়। এতে শুধু বিদেশি বিনিয়োগকারীরাই নিরুৎসাহিত হন না, সাধারণ মানুষও বিরক্ত হচ্ছে।শফিক আহমেদ আরও বলেন, যেসব আইনে সালিসি ব্যবস্থার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি সম্ভব, সরকার সেসব ক্ষেত্রে তা বাধ্যতামূলক করার জন্য আইনের সংশোধনী আনার চেষ্টা করছে।আইন কমিশনের চেয়ারম্যান শাহ আলম বলেন, বেসরকারিভাবে কোনো সংস্থা না করে হাইকোর্টের একটি শাখাকেই সালিসি সংস্থা বানানো যায়। এ ক্ষেত্রে দেশি-বিদেশি ব্যবসায়ীদের শুধু এর প্রতি আস্থা ফেরাতে হবে। সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম বলেন, ‘বিরোধ থেকে মুক্তি পেতে মানুষ আদালতে যায়। কিন্তু আদালতের পক্ষে সব বিরোধ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব নয়।’পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী বলেন, ‘আদালতে প্রচুর মামলা ঝুলে আছে। এর সঙ্গে আটকে আছে সরকারের প্রচুর রাজস্বও। মামলা নিষ্পত্তি না হওয়ায় আমরা ব্যাংকাররা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, তেমনি সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।’আইসিসিবির সভাপতি ও বিয়াক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি পূর্বশর্ত হচ্ছে ব্যবসায়িক বিরোধের দ্রুত ও কার্যকর নিষ্পত্তি। বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থাকে উৎসাহিত করতে বিয়াক কাজ করে যাবে বলে জানান তিনি।বিয়াকের প্রধান নির্বাহী তৌফিক আলীর সঞ্চালনায় সংলাপে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি আওলাদ আলি, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রাশেদ মাকসুদ খান প্রমুখ বক্তব্য দেন।