নিজেদের জন্য পৃথক ব্যাংক চায় বিজিএমইএ
পোশাকশিল্পের মালিকেরা নিজেদের জন্য পৃথক ব্যাংক প্রতিষ্ঠা করতে চান। এই আবদার নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে দেখা করেছেন তৈরি পোশাক শিল্প মালিক সমিতি বিজিএমইএ নেতারা।বিজিএমইএ নেতারা বলেছেন, সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন ব্যাংকের দরখাস্ত নেওয়ার কথা বলেছেন। বিজিএমইএ একটি তফসিলি ব্যাংকের নিবন্ধন নিতে আবেদন করবে।তবে বৈঠক সূত্র জানায়, গভর্নর বিজিএমইএ নেতাদের বলেছেন, এখনই নতুনভাবে আর কোনো ব্যাংকের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের নেই। এ বিষয়ে সিদ্ধান্ত হলে সে সময় বিজিএমইএর দাবির বিষয়টি ভেবে দেখা হবে।বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে গতকাল রোববার এসব আলোচনা হয়েছে। বৈঠকে অন্যান্যের মধ্যে ডেপুটি গভর্নর নজরুল হুদা ও মুরশিদ কুলী খান, কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ পরামর্শক আল্লা মালিক কাজেমী, নির্বাহী পরিচালক আহসান উল্লাহ ও জাহাঙ্গীর আলম এবং বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে শিল্পমালিকদের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।বিজিএমইএর নেতারা অবশ্য তৈরি পোশাকশিল্পের ২৭০টি রুগ্ণ শিল্পের শর্তমুক্ত ঋণ মওকুফ, নগদ সহায়তার দ্বিতীয় প্রণোদনাগুচ্ছের অর্থ পেতে জটিলতা নিরসন, শ্রমিকদের আবাসনসুবিধা দিতে ডরমেটরি প্রতিষ্ঠার জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থাসহ বিভিন্ন দাবিও জানান।এসব বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, বিজিএমইএ স্বতন্ত্রভাবে একটি ব্যাংক প্রতিষ্ঠার দাবি করেছে। তবে নতুনভাবে ব্যাংক নিবন্ধন দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না থাকায় তাদের অপেক্ষা করতে বলা হয়েছে। বলা হয়েছে, নতুন ব্যাংকের নিবন্ধন দিতে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিলে বিজ্ঞাপনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হবে।জাহাঙ্গীর আলম আরও জানান, বিজিএমইএর অন্য দাবিগুলোর মধ্যে কতগুলো আছে যা সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বিষয় নয়। তাই এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হবে। আর ৮৮টি রুগ্ণ শিল্পের লেনদেন বেসরকারি ব্যাংকের সঙ্গে হওয়ায় তাদের যেসব সমস্যা হচ্ছে, সেটি নিরসনে কেন্দ্রীয় ব্যাংক কাজ করবে।সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, রপ্তানিমুখী শিল্পের উন্নয়নে ৪০ কোটি ডলারের একটি তহবিল রয়েছে। নানা শর্তের বেড়াজালে ওই তহবিল অব্যবহূত রয়ে যাচ্ছে। কিন্তু, এই তহবিল থেকে পোশাকশিল্পের রুগ্ণ প্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়া যেতে পারে। এ ছাড়া পোশাক কারখানাগুলোকে পরিবেশসম্মত করতে বর্জ্য পরিশোধন (ইটিপি) স্থাপনেও এই তহবিল থেকে সহজ শর্তে ঋণসুবিধা দেওয়া জরুরি।বিজিএমইএ সভাপতি বিশ্ববাজার ও দেশের অবকাঠামো খাতসহ নানা প্রতিকূলতার মধ্যে হরতালের মতো কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, হরতাল দেশের সার্বিক উন্নয়নকাজকে বাধাগ্রস্ত করে।