নিজের ব্যাংক হিসাবে গ্রাহকের টাকা নিতে পারবে না ই–কমার্স প্রতিষ্ঠান
ই–কমার্স বা ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকেরা নতুন করে প্রতারণার শিকার হবেন বলে আশঙ্কা করছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে চিঠি পাঠিয়ে এ কথা বলেছে।
চিঠিতে বলা হয়েছে, পণ্যের ক্রয় আদেশের (অর্ডার) বিপরীতে সরাসরি ই–কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে গ্রাহকদের নির্দেশনা দিচ্ছে ই–কমার্স প্রতিষ্ঠানগুলো। এতে গ্রাহকেরা আবার প্রতারণার মুখে পড়তে পারেন।
ই–কমার্স প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে টাকা জমা না করার জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ এবং বাংলাদেশ ব্যাংকের গত ৩০ জুনের পিএসডি প্রজ্ঞাপনে কিছু অবশ্যপালনীয় শর্ত দেওয়া রয়েছে। এগুলো মানার বাধ্যবাধকতাকে পাশ কাটাতে ই–কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে সরাসরি টাকা নিচ্ছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে জানানো হয়েছে চিঠিতে।
এর আগে গতকাল ৯টি ই–কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য এবং আর্থিক তথ্য জানতে চেয়েও বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ধামাকা, ই–অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকুম, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডটকম ডটবিডি এবং আলেশা মার্ট।
ওই চিঠিতে বলা হয়েছে, ‘এই ৯ ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। একই সঙ্গে মার্চেন্টদের কাছ থেকে পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করারও অভিযোগ পাওয়া যাচ্ছে।’