নিজের সক্ষমতার ওপরই বেশি জোর দিয়েছি
১৯৯১ সালে একটি বিদেশি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কাজ শুরু করেন হুমায়রা আজম। দেশের কোনো বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) তিনি। বর্তমানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে রয়েছেন। বাংলাদেশে করপোরেট জগতে শীর্ষ পদে যে গুটিকয় নারী সফল হয়েছেন, হুমায়রা আজম তাঁদের অন্যতম। যেখানে কাজ করেছেন, সেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ঘুরিয়ে ফেলতেও অনন্য ভূমিকা রেখেছেন। প্রথম আলোকে জানিয়েছেন নিজের সফলতার গল্প।
পুরান ঢাকায় জন্ম হলেও একদম ছোটবেলাটা আমার কাটে পশ্চিম পাকিস্তানের ইসলামাবাদে। বাবা সেখানে শিক্ষকতা করতেন। সেখান থেকে এসে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন বাবা সৈয়দ আলী আজম। আমার ম্যাট্রিক পরীক্ষার পরপরই বাবা মারা যান। জীবনের কঠিন সময়টা শুরু হয় তখন থেকেই। মা আমাদের পাঁচ ভাইবোনকে কঠোর নিয়মে মানুষ করেন। আমাদের ছোট থেকে টিউশনি করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। আমি পুরো পড়াশোনা করেছি সরকারি বৃত্তি পেয়ে। ভিকারুননিসা নূন স্কুল শেষে সেন্ট্রাল উইমেন্স কলেজ পড়াশোনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হই ১৯৮২ সালে। আন্দোলনের কারণে ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে বের হই। ১৯৯০ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করি।
ব্যাংকিং ক্যারিয়ারের নানা সফলতার গল্প
এএনজেড ব্যাংকে সাড়ে ছয় বছর ছিলাম। আমরা পাঁচজন একসঙ্গে যোগদান করেছিলাম। শাখা ব্যাংকিং দিয়ে শুরু করি। কয়েক মাসের মধ্যে চলে যায় করপোরেট ব্যাংকিংয়ে। ১৯৯৬-এ এইচএসবিসি বাংলাদেশে করপোরেট ব্যাংকিং দিয়ে কাজ শুরু করি। বাংলাদেশে এইচএসবিসি ব্যাংকের অফশোর লাইসেন্স, এডি লাইসেন্স, ওদের সফট লঞ্চিং—সবকিছু প্রতিষ্ঠা হয়েছে আমার হাত দিয়ে। এইচএসবিসির থেকে ২০০২ সালে গেলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। গ্রুপ স্পেশালিস্ট অ্যাসেট ম্যানেজমেন্টের হেড ছিলাম। সাত বছর এই বিদেশি ব্যাংকে ছিলাম। আমি ছিলাম এখানকার ব্যবস্থাপনা কমিটির প্রথম নারী সদস্য। পরে ওখানে ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রধান হই।
আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসিতে গেলাম ২০০৯-এর এপ্রিলে। সেখানকার প্রথম নারী এমডি ছিলাম। সে সময়ে বাংলাদেশের কোনো ব্যাংকে নারী এমডি ছিলেন না। আসলে নিজেকে কখনো পুরুষ বা নারী হিসেবে ভাবিনি। নিজের সক্ষমতার ওপরই বেশি জোর দিয়েছি। যখন আইপিডিসিতে যাই, ওদের আর্থিক অবস্থা ভয়াবহ অবস্থায় ছিল। আমি পুরো ১০০ শতাংশ মূলধন পুনরুদ্ধার করেছি। প্রতিষ্ঠানটি ভালো জায়গায় রেখে এসেছি। ২০১২ সালের জানুয়ারিতে ব্যাংক এশিয়ায় গেলাম প্রধান ঝুঁকি পরিপালন কর্মকর্তা। ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে কাজ করেছি। জীবনে সব জায়গাতেই আমি সফলভাবেই কাজ করেছি। অনেক কোম্পানিকে ঘুরে দাঁড় করিয়েছি। ২০১৮ সালে মার্চে ট্রাস্ট ব্যাংকে প্রধান ঝুঁকি পরিপালন কর্মকর্তা হিসেবে এসেছি। এখন এমডি হিসেবে চলতি দায়িত্ব পালন করছি।
কখনো পিছপা না হওয়ার গল্প
যখন হরতাল হতো, গুলশান থেকে হেঁটে হাজি ম্যানশন পর্যন্ত চলে গেছি। ব্যাংক এশিয়ায় থাকাকালে দেখতাম হরতালের সময় কেউ আসত না। আমি চলে আসতাম। ব্যক্তিগত জীবনেও অনেক ছাড় দিয়েছি। বাসায় আরও বেশি সময় দিতে পারতাম না। বাচ্চার সঙ্গেও বেশি সময় দিতে পারিনি। আসলে চাকরি করার সিদ্ধান্ত নিলে তো আর ফাঁকি দেওয়া সম্ভব নয়। ঢাকার বাইরে যেতে হয়েছে। সব সময়ই নিজের দায়িত্বকে প্রাধান্য দিয়েছি। এএনজেডে থাকতে এমনও হয়েছে সাত-আট দিন আমি অফিসেই আছি। বাসা থেকে খাবার ও কাপড় গেছে। তবে এর মধ্যেও পরিবারকেও সময় দিয়েছি। এখনো বাসার কাজও করি নিয়মিত। আমার মেয়ে আছে, সে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।
নারীদের কাজের প্রতিবন্ধকতা
নারীদের ক্যারিয়ারে ভালো করার জন্য অবশ্যই প্রতিবন্ধকতা আছে। কারণ, কেউ নারী বললেই আগেই চুপসে যান। আমার জন্যও এই চ্যালেঞ্জ আছে। অনেক প্রতিষ্ঠান আমাকে পছন্দ করে নিয়েছে। তারপরও আমাকেও সংগ্রাম করতে হয়েছে। নারীকে দায়িত্ব দেওয়ার পেছনে এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে সংকোচ দেখা যায়। পরিবারকে সাহায্য করতে হবে। নারীদেরও নিজেদের উদ্যোগ থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। তাহলেই সফল হওয়া যাবে। নারী পারবে, এটা মেনে নেওয়ার মানসিক প্রতিবন্ধকতা আছে সমাজে। তবে এত দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, নারীরা ফাঁকি দেন কম। যাঁরা দায়িত্বশীল, তাঁরা দায়িত্ব নিয়েই কাজ করেন।