নিট পোশাকপল্লি গড়ে তুলতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জেগে ওঠা শান্তিনগর চরে এক হাজার একর খাসজমি বরাদ্দ চেয়েছে ৪০টি ব্যবসায়ী সংগঠন। এ জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বিকেএমইএসহ সাতটি জাতীয়ভিত্তিক ও ৩৩টি স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা। তাঁদের দাবি, এখানে নিটপল্লি হলে গার্মেন্টসসহ এ ধরনের চার শতাধিক কারখানা স্থাপন করা সম্ভব হবে। এতে ১০ লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে। জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার হাতে গত বৃহস্পতিবার স্মারকলিপিটি তুলে দেন বিকেএমইএর সভাপতি সাংসদ এ কে এম সেলিম ওসমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি এইচ এম আসলাম সানি, ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম ও ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা।