নিটিং কারখানায় সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-সংকটসহ নানা সমস্যায় দেশের প্রায় সাড়ে ৭০০ নিটিং কারখানা এখন হুমকির মুখে রয়েছে এবং এতে লক্ষাধিক শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই খাতের উদ্যোক্তারা এমন দাবি করেছেন। বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, বিদ্যুৎ-সংকটের পাশাপাশি পোশাকশিল্প কারখানার মালিকদের অসহযোগিতার কারণে প্রায় সাত হাজার কোটি টাকা বিনিয়োগ করা নিটিং খাতের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। তাঁরা জানান, নিটিং কারখানাগুলো রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য সুতা থেকে ফ্যাব্রিকস বা কাপড় তৈরি করে, যা দিয়ে রপ্তানিমুখী নিট পোশাক তৈরি হয়। কম্পোজিট শিল্পপ্রতিষ্ঠানগুলো ছাড়া অধিকাংশ রপ্তানিমুখী পোশাক কারখানা সুুতা সরবরাহ করে নির্দিষ্ট বুনন চার্জের বিনিময়ে নিটিং কারখানাগুলো থেকে ফ্যাব্রিকস বা কাপড় তৈরি করিয়ে নেয়। কিন্তু উৎপাদন খরচের চেয়ে বুনন চার্জ কম হওয়ায় নিটিং শিল্প হুমকির মুখে পড়েছে।নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সেলিম সারোয়ার প্রথম আলোকে জানান, পোশাক কারখানাগুলোর কাছ থেকে নিটিং কারখানাগুলো প্রতি কেজিতে বুনন চার্জ পায় ১০ টাকা। কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, ফ্লোর ভাড়া, নিডল অয়েল ও কমপ্রেসার অয়েল—সব মিলিয়ে প্রতি কেজিতে গড়ে খরচই হয় সাড়ে ১০ টাকার মতো। সেলিম সারোয়ার আরো জানান, বুনন চার্জ বাড়ানোর দাবিতে চলতি মাসের প্রথম সপ্তাহে সকাল-সন্ধ্যা ধমর্ঘট আহ্বান করা হয়। তখন বিকেএমইএর নেতারা বুনন চার্জ বাড়ানোর আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু পরে এ বিষয়ে আর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সমিতির নেতারা জানান, বর্তমানে সারা দেশে প্রায় সাড়ে ৭০০ নিটিং কারখানা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে সাড়ে ৪০০, ঢাকায় ২৫০ ও চট্টগ্রামে ৫০টি কারখানা আছে। এসব কারখানায় লক্ষাধিক শ্রমিক কাজ করেন।