নিত্যপণ্য আমদানি ব্যয় কমছে
চাল, চিনি, পেঁয়াজ, দুগ্ধজাত পণ্য ও ডাল আমদানি খাতে ব্যয় কিছুটা কমছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে) নিত্যপণ্যের আমদানি ঋণপত্র খোলাসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান দেখে এমন ধারণা পাওয়া যায়। এর অর্থ হলো আগামী দিনগুলোতে এসব পণ্যের আমদানি কিছুটা কম হতে পারে অথবা কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে মূল্য কমে যাওয়ায় এলসির ব্যয় কমছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম প্রান্তিকে চিনি আমদানির জন্য যত ডলারের ঋণপত্র খোলা হয়েছিল, চলতি অর্থবছরের একই সময় তার চেয়ে ৭০ দশমিক ৯১ শতাংশ কম মূল্যে এলসি খোলা হয়েছে। আর চাল আমদানিতে ঋণপত্র খোলার পরিমাণ কমেছে ৮৭ দশমিক ৩৭ শতাংশ।একইভাবে পেঁয়াজ আমদানিতে ৩৭ দশমিক ৭৯ শতাংশ, দুগ্ধজাত পণ্য ২৫ দশমিক ৮৪ ও বিভিন্ন ধরনের ডালে ২০ দশমিক ৫৬ শতাংশ হারে কম মূল্যে ঋণপত্র খোলা হয়েছে।অবশ্য পরিসংখ্যান অনুযায়ী, প্রথম প্রান্তিকে গম ও মূলধনি যন্ত্রপাতির আমদানিমূল্য বিবেচনায় ঋণপত্র আগের বছরের একই সময়ের চেয়ে বেশি খোলা হয়েছে। গমের আমদানিতে ৫৫ দশমিক ২৬ শতাংশ ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ৯ দশমিক ১৯ শতাংশ বেশি ঋণপত্র খোলা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান তথ্যে দেখা যাচ্ছে, জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশে বিভিন্ন পণ্য আমদানিতে ৮৭৪ কোটি ৮২ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১০ দশমিক ৮৭ শতাংশ কম। আগের বছর ৯৮১ কোটি ৫২ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়েছিল। একইভাবে প্রথম প্রান্তিকে নিষ্পন্ন হওয়া ঋণপত্রের হারও কমেছে ৫ দশমিক ২৪ শতাংশ। এই সময় ৮১০ কোটি ৪২ লাখ ডলারের ঋণপত্র নিষ্পত্তি হয়।