নিত্যপণ্যের আমদানি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় গত দুই বছরে বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করেছেন দেশের ব্যবসায়ীরা। গম, ভোজ্যতেল ও চিনি আমদানির পরিমাণ চাহিদাকেও ছাড়িয়ে গেছে।
অন্যদিকে বিপরীত চিত্র মসুর ডাল ও ছোলার ক্ষেত্রে। এ দুটি পণ্যের আন্তর্জাতিক বাজার চড়া থাকায় আমদানি বাড়তি হারে হয়নি।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি সভার কার্যপত্র, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের একটি প্রতিবেদনে পণ্য আমদানি ও আন্তর্জাতিক বাজারদরের এ চিত্র পাওয়া যায়।
দেশের অন্যতম বড় নিত্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ সাহা বলেন, দাম কম থাকায় পণ্য আমদানি-পরিস্থিতি বেশ ভালো ছিল। পবিত্র রমজান মাসে এসব পণ্যের যথেষ্ট সরবরাহ থাকবে।
সরকারি হিসাবে দেশে বছরে গমের চাহিদা প্রায় ৪০ লাখ টন। চলতি অর্থবছরের গত নয় মাসে দেশে গম আমদানি হয়েছে ২৫ লাখ ৩৯ হাজার টন। এ বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১৩ লাখ ৯৫ হাজার টন।
বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৪ সালে গমের (যুক্তরাষ্ট্র/সফট রেড উইন্টার) গড় দাম ছিল টনপ্রতি ২৪৫ ডলার। ২০১৫ সালে তা কমে ২০৬ ডলারে নামে। মার্চ মাসে গম বিক্রি হয়েছে গড়ে টনপ্রতি ১৯০ ডলারে। দেশে আটার দরও কমেছে। বাজারে এখন খোলা আটা কেজিপ্রতি ২৫ টাকা ও মোড়কজাত আটা কেজিপ্রতি ৩৫-৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে।
ট্যারিফ কমিশনের হিসাবে, দেশে বছরে প্রায় ১৫ লাখ টন ভোজ্যতেলের প্রয়োজন হয়। এর মধ্যে আড়াই লাখ টন দেশে উৎপাদিত হয়। এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসেই এসেছে প্রায় ১৭ লাখ টন। ২০১৪ সালে বিশ্ববাজারে সয়াবিন তেলের গড় দাম ছিল টনপ্রতি ৯০৯ ডলার। ২০১৫ সালে তা ৭৫৭ ডলারে নামে। গত মার্চ মাসে সয়াবিন তেলের দাম কিছুটা বেড়ে ৭৬১ ডলারে উঠেছে।
বিশ্ববাজারে পাম তেলের দামও সম্প্রতি কিছুটা বেড়েছে। ২০১৪ সালে এর গড় দাম ছিল টনপ্রতি ৮২১ ডলার। ২০১৫ সালে তা কমে ৬২৩ ডলারে নামে। মার্চে সেটা ৬৮৬ ডলারে উঠেছে। ঢাকার বাজারে এখন পাম তেল লিটারপ্রতি ৬৮ থেকে ৭১ টাকা দরে বিক্রি হচ্ছে। গত এক মাসে পণ্যটির দাম লিটারপ্রতি ৩ থেকে ৪ টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
দেশে বছরে চিনির চাহিদা ১৪-১৫ লাখ টন। এর মধ্যে ২ লাখ টন দেশে উৎপাদন করা যায়। চলতি বছরের নয় মাসে আমদানি হয়েছে ১২ লাখ ২১ হাজার টন। বাজারে এখন চিনি বিক্রি হচ্ছে ৫৪ টাকা কেজি দরে। দর পড়তে থাকায় দেশি চিনি বিক্রির জন্য আমদানির ওপর কর বাড়িয়েছে সরকার।
আন্তর্জাতিক বাজারে মসুর ডালের দাম কয়েক বছর ধরেই চড়া। দেশেও পণ্যটির দাম নিয়মিত বাড়ছে। এখন বাজারে ছোট দানার মসুর ডাল কেজিপ্রতি ১৫৫-১৬০ টাকায় উঠেছে। মোটা মসুরের দাম উঠেছে ১০০-১১৫ টাকায়। টিসিবির হিসাবে এক বছরে পণ্যটির দাম ২২ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, ২০১৪-১৫ অর্থবছরে মসুর ডাল উৎপাদিত হয়েছে ১ লাখ ৬৭ হাজার টন। আমদানি হয়েছে ১ লাখ ৯২ হাজার টন। পণ্যটির চাহিদা ৩ লাখ ৭৫ হাজার টন। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে দেশে মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ৩৬ হাজার টন।
দেশে বছরে আস্ত ছোলার চাহিদা ৬০ হাজার টন। এর মধ্যে ৭ হাজার টন দেশে উৎপাদিত হয়। গত নয় মাসে ২ লাখ ৪৫ হাজার টন ছোলা ও ছোলার ডাল আমদানি হয়েছে। ট্যারিফ কমিশনের হিসাবে, বিশ্ববাজারে এক মাসে এক কেজি ছোলার আমদানিমূল্য প্রায় ৮ টাকা বেড়ে ৬৯ টাকায় উঠেছে।