নিত্যপণ্যের আমদানি ব্যাপকভাবে বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-১১ অর্থবছরে দেশে নিত্যপ্রয়োজনীয় চারটি দ্রব্যের আমদানি ব্যাপকভাবে বেড়েছে। এই সময়কালে পণ্য আমদানির জন্য বিভিন্ন ব্যাংকে খোলা ঋণপত্রের পরিসংখ্যান থেকে এই চিত্র পাওয়া গেছে। খবর ইউএনবির। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরে চাল আমদানির জন্য ১০৭ কোটি ৪০ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়েছে, যেখানে তার আগের বছর অর্থাৎ ২০০৯-১০ অর্থবছরে খোলা হয়েছিল ১৮ কোটি ৬০ লাখ ডলারের ঋণপত্র।একইভাবে গতবছর আমদানির জন্য ১৩৪ কোটি ৯০ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়েছে, যেখানে তার আগের বছর খোলা হয়েছিল ১০১ কোটি ডলারের ঋণপত্র।অবশ্য ঋণপত্র খোলা মানেই পরিপূর্ণ আমদানি বা আমদানি ব্যয় নয়। ঋণপত্র খোলার পর নির্ধারিত সময়ের মধ্যে ওই ঋণপত্রের বিপরীতে যতটুকু পণ্য দেশে আসে, তা ওই সময়কালের জন্য প্রকৃত আমদানি বলে বিবেচিত হয়।তবে আমদানির ঋণপত্র খোলার উপাত্ত থেকে দেশে আমদানিপ্রবণতার একটি সুস্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হয়।কেন্দ্রীয় ব্যাংকের উপাত্ত থেকে আরও দেখা যায় যে গত অর্থবছর চিনি ও ভোজ্যতেলের জন্য যথাক্রমে ১১২ কোটি ও ১৫২ কোটি ৭০ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়েছিল। তার আগের বছর এই ঋণপত্র খোলার পরিমাণ ছিল যথাক্রমে ৭৮ কোটি ৩০ লাখ ডলার ও ১০৫ কোটি ৮০ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে গত অর্থবছর শেষে চাল আমদানির অনিষ্পন্ন ঋণপত্রের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৪০ লাখ ডলার। এ ছাড়া একই সময়কালে গম, চিনি ও ভোজ্যতেলের অনিষ্পন্ন ঋণপত্রের পরিমাণ দাঁড়িয়েছে যথাক্রমে ২৪ কোটি ৯০ লাখ ডলার, ৬৭ কোটি ডলার ও ৭৭ কোটি ডলার।