নিত্যপণ্যের বাজারে নাকাল ক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে চারটি পণ্যের দামের চিত্র
রাজধানীতে চারটি পণ্যের দামের চিত্র

ঢাকার কারওয়ান বাজারে গতকাল বুধবার মুরগি কিনতে এসেছিলেন একটি বেসরকারি কলেজের শিক্ষক মধ্যবয়সী আফজাল হোসেন। কিন্তু ব্রয়লার মুরগির দাম শুনেই মেজাজ চড়ে গেল তাঁর। এরপর দোকানির সঙ্গে তাঁর কথোপকথনটা ছিল এমন:
আফজাল: এক সপ্তাহ আগে মুরগি কিনলাম ১৪৫ টাকায়, আজকে বলছ ১৬০। ফাইজলামি করো?
দোকানি: ভাই, চেতলে তো লাভ হইব না। আমিও বেচতে পারমু না, আপনেও কিনতে পারবেন না। কয়দিন আগে আমিও ১৪০ টাকার কমে মুরগি বেচছি। এখন ১৪৫-১৫০ টাকা কইরা আমাগোই কিনতে হইতাসে। কম দামে বেচমু কেমনে?
শুধু মুরগি নয়, বাজারের প্রায় সব নিত্যপণ্যের দামই গত কয়েক দিনে বেড়ে গেছে। কারণ আগামীকাল দিবাগত রাতে পবিত্র শবে বরাত। প্রতিবারই এই সময়টায় মুরগি, গরুর মাংস, তরিতরকারিসহ প্রায় সব ধরনের পণ্যের চাহিদাই বেড়ে যায়। আর এই সুযোগটাই নেন বিক্রেতারা। এতে নাজেহাল হয়েছেন বাজার করতে আসা ক্রেতারা।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, ‘মোড়কজাত পণ্যের দাম বেশি নেওয়া হলে আমরা সেসব দোকানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি, নিচ্ছিও। প্রতিদিনই বাজারে আমরা অভিযান চালাচ্ছি। কিন্তু খোলা এবং পচনশীল পণ্যের ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না।’
মুরগি কিনলেনই না রায়হান: রামপুরা বাজারে গতকাল বেলা পৌনে ১১টার দিকে বাজার করতে আসেন রায়হান কবির। থাকেন ওই এলাকাতেই, পড়েন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তাঁর বাজারের তালিকায় ছিল মুরগিও। কিন্তু ১৬৫ টাকা কেজি শুনে মুরগি আর কেনেননি। তরিতরকারি কেনা শুরু করেন।
এক সপ্তাহ আগেও এক কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৪০ থেকে ১৪৫ টাকায়।
রামপুরা বাজার, কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহ খানেক ধরে তাঁরাই মুরগি কিনে আনছেন বেশি দামে। সে কারণে ক্রেতাদের কাছ থেকেও দাম নিচ্ছেন বেশি।
এর কারণ খুঁজতে কথা হয় একাধিক পোলট্রিমালিকের সঙ্গে। জানা যায়, তিনটি কারণে দেড় মাস ধরে মুরগির উৎপাদন কম হচ্ছে। কিন্তু এত দিন চাহিদা কম ছিল বলে কম দামেই তাঁরা মুরগি বিক্রি করেছেন। কারণগুলো হলো: প্রথমত, এক দিন বয়সী বাচ্চার সরবরাহ এখন অনেক কমে গেছে। ফলে খামারিরা চাহিদা অনুযায়ী বাচ্চা পাচ্ছেন না। দ্বিতীয়ত, অস্বাভাবিক গরমে মুরগি কম খায়, ফলে শারীরিক বৃদ্ধি হয় দেরিতে। তাই বিক্রির উপযোগী হতে সময় লাগে বেশি। তৃতীয়ত, বার্ড ফ্লুর প্রাদুর্ভাব এবং তা কেটে যাওয়ার পর থেকে গত দেড় বছরে খামারিদের একটি বড় অংশই লোকসান দিয়ে ব্যবসা করছেন। ফলে তাঁরা উৎপাদন কমিয়ে দিয়েছেন।
জানা গেছে, সারা দেশে প্রতিদিন ব্রয়লার মুরগির গড় চাহিদা ২৩ লাখ থেকে সাড়ে ২৩ লাখ কেজি। অস্বাভাবিক গরমে দেড় মাস ধরে উৎপাদন হচ্ছে এর চেয়ে প্রায় দুই লাখ কেজি কম।
জানতে চাইলে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ও পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মো. মহসিন প্রথম আলোকে বলেন, এই সময়টায় মুরগির চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ বেড়ে যায়। অন্যদিকে উৎপাদন কমে গেছে। আর দীর্ঘদিন কম দামে মুরগি বিক্রি করা খামারিরা এখন একটু বেশি দামে মুরগি বিক্রি করছেন।
তরিতরকারি: বাজার ঘুরে প্রায় সব ধরনের তরিতরকারি বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে। ঢ্যাঁড়স, পটোল, কাঁকরোল, বরবটির দাম ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে। এসব সবজি সপ্তাহ খানেক আগেও ক্রেতারা কিনেছেন ৪০ থেকে ৪৫ টাকায়।
প্রতি কেজি বেগুন মানভেদে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এই বেগুন দিন দশেক আগেও বিক্রি হয়েছিল ৫০ থেকে ৫৫ টাকায়। তবে কোনো কোনো বাজারে এর চেয়েও কম দামে বেগুন কিনেছেন ক্রেতারা।
বাজারে করলা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। কয়েক দিন আগেও করলার দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। সবজির দাম চড়া থাকলেও ভিন্ন চিত্র কাঁচা মরিচে। এক কেজি মরিচই কেনা যাচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।
কারওয়ান বাজারের আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব ধরনের সবজিই এখন সারা বছর বাজারে পাওয়া যায়। তবে অনেক স্থান পানিতে তলিয়ে যায় বলে বর্ষার এই সময়টায় সবজির উৎপাদনও কমে যায়।
সবজির দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, ‘বর্ষায় সবজির উৎপাদন কমে যায়। সে কারণে সবজিবাহী ট্রাক এখন আগের চেয়ে ঢাকায় কম আসছে। আবার কয়েক দিনে চাহিদাও একটু বেড়েছে। আর রমজানে সবজির চাহিদা কমে যায় বলে বিক্রেতারা হয়তো এখন একটু বেশি দাম নিচ্ছেন।’
পেঁয়াজের দাম সপ্তাহ দুয়েক আগে বেড়েছিল। এরপর নতুন করে আর বাড়েনি। দেশি পেঁয়াজ ৩৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ২৬ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে চড়া রসুনের বাজার। দেশি রসুন ৬০ থেকে ৭০ টাকা আর চীনা রসুন ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহ দুয়েক আগেও দেশি রসুন ৪৫ থেকে ৫০ টাকা আর চীনা রসুন ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হয়।
মাছ ও মাংস: বিভিন্ন বাজারে এখন গরুর মাংস বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকা কেজি দরে। এই গরুর মাংস কয়েক দিন আগেও বিক্রি হয়েছে ২৭০ থেকে ২৮০ টাকায়।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ রমজান সামনে রেখে প্রতিবছর গরু ও খাসির মাংসের দাম নির্ধারণ করে দেয়, যদিও এটা তাদের কাজ নয়। বিক্রেতারাও মোটামুটিভাবে তখন সেটা মানেন। তবে বিভিন্ন উপলক্ষেই দাম বাড়িয়ে দেওয়া হয়।
মাছের বাজারেও বেশ উত্তাপ ছিল গতকাল। সব ধরনের মাছের দামই বেড়েছে কেজিতে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
এক কেজি ওজনের রুই মাছ বাজারে গতকাল বিক্রি হয়েছে ২৩০ থেকে ২৫০ টাকায়। এক সপ্তাহ আগেও এই মাছের দাম ছিল ২০০ থেকে ২২০ টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকা কেজি দরে। এটি গত সপ্তাহে পাওয়া গেছে ১১০ থেকে ১৪০ টাকায়। বিক্রেতারা পাবদা মাছের কেজি হাঁকছিলেন এক হাজার টাকা। গত সপ্তাহে এ মাছ বিক্রি হয়েছে ৮০০ টাকায়।
বাজারে গতকাল মাঝারি আকারের (৬০০ থেকে ৮০০ গ্রাম) ইলিশের জোড়া বিক্রি হয়েছে ৮০০ টাকায়। গত সপ্তাহে এই ইলিশ বিক্রি হয়েছে ৭০০ থেকে ৭৫০ টাকায়।
অন্যান্য: রোজায় চিনির বাড়তি চাহিদা থাকে। চাহিদা বাড়ে শবে বরাতেও। আর এই সুযোগেই বাজারে কিছুটা বেড়ে গেছে চিনির দাম। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৪৬ টাকা থেকে ৪৮ টাকায়। তবে পাড়া-মহল্লার দোকানে ৫০ টাকায় চিনি বিক্রি হতে দেখা গেছে। সপ্তাহ দুয়েক আগেও চিনির দাম দুই-তিন টাকা কম ছিল।
রমজানে যে কয়টা পণ্যের বেশি চাহিদা থাকে, তার একটি ছোলা। সারা বছর ছোলা বিক্রি হয় ৫০ থেকে ৫৫ টাকায়। তবে বাড়তি চাহিদার কারণে এখন দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। এখন ছোলা বিক্রি হচ্ছে মানভেদে ৬৫ থেকে ৭৫ টাকায়।
তবে বাজারে চাল, ভোজ্যতেল, সেমাই, আটা-ময়দাসহ অন্যান্য পণ্যের দামে কোনো হেরফের হয়নি৷