নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিককালে লক্ষ করা যাচ্ছে, কোনো কোনো পত্রিকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাংলাদেশে যে দাম তা আন্তর্জাতিক মূল্যের চেয়ে অধিক বলে সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই ধারায় গত ২২ জানুয়ারি প্রথম আলোয় ‘ট্যারিফ কমিশনের প্রতিবেদনে নিত্যপণ্য—বিশ্ববাজারের তুলনায় দেশে অনেক বেশি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বাংলাদেশ ট্যারিফ কমিশন এ সংবাদের প্রতিবাদ জানালে তা ২৩ জানুয়ারি প্রথম আলোয় ‘প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও ব্যাখ্যা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। কিন্তু তাদের ব্যাখ্যায় যা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য নিয়ে অর্থনৈতিক বিষয়ে সাংবাদিকতা ও সংবাদ পরিবেশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ট্যারিফ কমিশনের বিশ্লেষণে বিশ্ববাজারের তুলনায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কম। উদাহরণস্বরূপ—ভোজ্যতেল (সয়াবিন ও পাম), চিনি, চাল ও গমের দাম পার্শ্ববর্তী সব দেশের তুলনায় বাংলাদেশে কম। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের মূল্য চড়া ও ঊর্ধ্বগামী হওয়া সত্ত্বেও সরকারের, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তরিক প্রচেষ্টা ও বাংলাদেশি ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশে এসব পণ্যের মূল্য পার্শ্ববর্তী সব দেশের চেয়ে কম রাখা সম্ভব হয়েছে। জনগণকে সহনীয় মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে যা সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ।অযথা ভিত্তিহীন ও ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত এবং সরকার ও ব্যবসায়ীদের হেয় না করা এবং জনগণকে আতঙ্কিত না করার জন্য সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। তথ্য বিবরণী।