বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদের বিরুদ্ধে অহেতুক মামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। সংগঠনটির নিজস্ব কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিআইএর চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, ‘এ ধরনের মামলার তীব্র নিন্দা আমরা আগেও জানিয়েছি, আজও জানাচ্ছি। একজন ভদ্রলোকের বিরুদ্ধে এ রকম মামলা সত্যিই দুঃখজনক। এগুলো করা হয়েছে তাঁর প্রকৃত পরিচয় গোপন রেখে। অর্থাৎ শুধু ব্যক্তি নাম দিয়ে।’সংবাদ সম্মেলনে বিআইএর নির্বাহী সদস্য নাসিরউদ্দিন আহমেদ ও পৃথ্বিশ কুমার রায়, বিআইএর সচিব মোল্লা নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শুরুর আগে বিভিন্ন বিমা কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরপরই আইডিআরএর চেয়ারম্যানের বিরুদ্ধে এক মাসের ব্যবধানে ১৪টি মামলা হয়। বেশির ভাগ মামলাই মানব রপ্তানির নামে প্রতারণার।শেখ কবির হোসেন বলেন, ‘মামলাগুলো প্রায় একই ধরনের। আশা করছি, সরকার এ ব্যাপারে সহযোগিতা করবে।’ মামলাগুলো একটি জায়গা থেকে করানো হচ্ছে বলে অভিযোগ আছে, এমন প্রশ্নের জবাবে কবির হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। বর্তমানে আইডিআরএর বেঁধে দেওয়া হারেই প্রতিনিধিদের (এজেন্ট) কমিশন দেওয়া হচ্ছে উল্লেখ করে শেখ কবির বলেন, এতে আর কোনো ঝামেলা নেই। তিনি আরও বলেন, বকেয়া ব্যবসা বন্ধের জন্য আইডিআরএ যে প্রজ্ঞাপন দিয়েছে, তা যথাযথভাবে পরিপালনের মাধ্যমে বিমা কোম্পানিগুলো উপকৃত হয়েছে।কবির হোসেন আরও জানান, আইডিআরএ ১৫ শতাংশ হারে প্রতিনিধিদের কমিশন দেওয়ার যে প্রজ্ঞাপন দিয়েছে, তা তাঁরা মেনে চলবেন। বিষয়টি যাতে যথাযথভাবে পরিপালিত হয়, সে জন্য ১০ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স সব অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।