নিবন্ধন বই থেকে আরও আটটি বহুস্তর বিপণন পদ্ধতির (এমএলএম) কোম্পানির নাম কেটে দিয়েছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (রেজসকো)।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে রেজসকো তা বাণিজ্য মন্ত্রণালয়কে পাঠিয়েছে।যোগাযোগ করলে রেজসকো নিবন্ধক বিজন কুমার বৈশ্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।কোম্পানিগুলো হচ্ছে, সিম্ফনি স্পিনিং মিলস, এসএ দেওয়ান অ্যাসোসিয়েটস, সুপার ইয়েস্ট অ্যান্ড অ্যাগ্রো কেমিক্যালস, স্টার ইনডেন্ট কোম্পানি, সার্ভে ওয়ার্ল্ড (প্রা.) লি., ডিসপার্স লি., ফার্স্ট পে বাংলাদেশ এবং আবিদাস মিডিয়া অ্যান্ড মার্কেটিং। এ দফার আটটিসহ আগের তিন দফার ৭৫টি মিলিয়ে নাম কেটে দেওয়া মোট কোম্পানি দাঁড়াল ৮৩টি। ১৯৯৪ সালের কোম্পানি আইনের ৩৪৬(৩) ধারা অনুযায়ী রেজসকোর নিবন্ধন বই থেকে এ নাম কেটে দেওয়া হয়। তবে কোম্পানি আইনের ৩৪৬(৫) ধারা অনুযায়ী যদি কোনো পরিচালক বা সদস্যদের কোনো দায়-দেনা থাকে তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।সূত্র জানায়, দুই দফা পরিদর্শন করে কোম্পানিগুলোর কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়ার পরই রেজসকো এগুলোর নাম কেটে দেয়। আইনে বাধ্যবাধকতা থাকলেও কোম্পানিগুলো রেজসকোতে বিবরণী দাখিল করেনি। নাম কেটে দেওয়ার জন্য আরও কয়েকটি কোম্পানি রেজসকোর পর্যবেক্ষণে রয়েছে বলে জানান এর নিবন্ধক বিজন কুমার বৈশ্য।