আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে এখন পর্যন্ত দেশে ২ কোটি ৫৩ লাখ মুঠোফোন সিম নিবন্ধিত হয়েছে। এ সংখ্যা বর্তমানে চালু থাকা মোট ১৩ কোটি ১৯ লাখ সিমের ১৯ শতাংশ। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি এবং এ বিষয়ে তৈরি হওয়া বিভ্রান্তির বিষয়ে সচিবালয়ে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে গতকালের এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার জহুরুল হক ও মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারী, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন, মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটব মহাসচিব টিআইএম নুরুল কবীর এবং সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
তারানা হালিম বলেন, ‘বায়োমেট্রিক সিম নিবন্ধন নিয়ে একটা মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই পদ্ধতিতে যে আঙুলের ছাপ নেওয়া হচ্ছে, সেটা একটা বায়োনারি ডিজিটাল কোড। এটা কোনোভাবে অন্য কোথাও ব্যবহারের সুযোগ নেই, ব্যবহার হচ্ছেও না।’
অপপ্রচারকারীদের পরিচয় সম্পর্কে তারানা হালিম বলেন, চাঁদাবাজ, হয়রানিকারী, হুমকিদাতা, অবৈধ ভিওআইপিকারীরা এ অপপ্রচার চালাচ্ছে। কারণ, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন হলে এসব অপকর্ম করার সুযোগ আর থাকবে না।
ফেসবুকসহ অনলাইনে সব অপারেটরের লোগো ব্যবহার করে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বিপজ্জনক-বিষয়ক যে প্রচারণা চালানো হচ্ছে, সেটির বিষয়ে অ্যামটব মহাসচিব নুরুল কবীরের কাছে জানতে চান তারানা হালিম। জবাবে নুরুল কবীর বলেন, এম কোনো প্রচারণার সঙ্গে অপারেটররা জড়িত নয়। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের এই প্রকল্প বাস্তবায়নে প্রতিটি মোবাইল অপারেটর শতভাগ দায়বদ্ধ। এ জন্য অপারেটররা শতকোটি টাকার বেশি বিনিয়োগ করেছে।
তারানা হালিম বলেন, ‘আঙুলের ছাপ সংরক্ষণ করে রাখার মতো সংবেদনশীল সফটওয়্যার মোবাইল অপারেটরদের কাছে নেই। কোনো মোবাইল ফোন অপারেটর এত বিনিয়োগ করে নাই যেটা দিয়ে তারা আঙুলের ছাপ সংরক্ষণ করতে পারে। বায়োমেট্রিক যন্ত্র দিয়ে তারা শুধু গ্রাহকের তথ্য যাচাই করছে। যাঁরা নিজের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার কথা বলছেন, তাঁরা তো বহু আগেই ডিজিটাল নম্বরপ্লেট, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বিদেশে যাওয়ার ভিসা নেওয়ার সময় আঙুলের ছাপ দিয়েছেন। তাহলে এখন কেন ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার কথা উঠছে।’
ডাক ও টেলিযোগাযোগসচিব জানান, ৩০ এপ্রিলের মধ্যে সিম নিবন্ধনের এ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর বাড়তি সময়ের প্রয়োজন হলে তা সব পক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।