বিনিয়োগবান্ধব পরিবেশের অভাবে সরকারি ও বেসরকারি বিনিয়োগ উৎসাহিত হচ্ছে না। সস্তা শ্রম থাকা সত্ত্বেও গত কয়েক বছর সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রবাহ হ্রাস পেয়েছে। বাংলাদেশ একটি নিম্ন বিনিয়োগ-নিম্ন অবকাঠামো-নিম্ন বিনিয়োগ চক্রের ফাঁদে পড়ে গেছে। গত মঙ্গলবার বাংলাদেশের অর্থনীতির ওপর প্রকাশিত সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক প্রতিবেদনের বিনিয়োগ অংশে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্পদের অভাব পূরণে বিদেশি সহায়তাপ্রবাহ কমেছে। এর পাশাপাশি বিদেশি সহায়তার ব্যবহারের দক্ষতার অভাব রয়েছে। এমন প্রেক্ষাপটে সরকার কঠিন শর্তের ব্যয়বহুল সরবরাহকারী ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, সরবরাহকারী ঋণ নিলে সুদের হার যেমন বেশি গুনতে হয়, তেমনি ঋণের উৎস দেশ থেকে যন্ত্রপাতি কেনার বাধ্যবাধকতাও থাকে। সাধারণত অতিগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থের সংস্থান করা না গেলে সরবরাহকারী ঋণ নেওয়া হয়। তাই উন্নয়ন-সহযোগীরা প্রতিবছর যে পরিমাণ সহায়তা দেয় তার তুলনায় সরবরাহকারী ঋণ খুবই কম। বাংলাদেশ এখন বিদেশি সহায়তানির্ভর অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এ অবস্থায় সরবরাহকারী ঋণ নেওয়ার সুযোগ খুবই কম। বিনিয়োগ-পরিস্থিতি সম্পর্কে সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সাল থেকেই বিদেশি বিনিয়োগ কমার প্রবণতা রয়েছে। ২০০৯-১০ অর্থবছরে ৬৩ কোটি ৬০ লাখ ডলার বিদেশি বিনিয়োগ এসেছে। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এর পরিমাণ ছিল ২৫ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের চেয়ে কিছুটা বেশি। গত অর্থবছরের একই সময় বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২০ কোটি ৭০ লাখ ডলার।প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় মেয়াদি ঋণ ছাড়ের পরিমাণ ৩৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়েছে ৩৫ দশমিক ৭ শতাংশ। আলোচ্য সময়ে আগের বছরের চেয়ে ১৬ কোটি ১০ লাখ ডলারের বেশি মূলধনী যন্ত্রপাতির এলসি নিষ্পন্ন হয়েছে। এতে রপ্তানিমুখী শিল্প খাতের পরিমাণ মাত্র ২ দশমিক ৯৩ কোটি ডলার। ধারণা করা হচ্ছে, ছোট ছোট শিল্পকারখানার জন্য এসব এলসি খোলা হয়েছে। আর ‘ক্যাপটিভ পাওয়ার জেনারেশন’ খাতেই নতুন বিনিয়োগ যাচ্ছে, যা আসলে উৎপাদন সক্ষমতা বাড়াবে না। উৎপাদন ধরে রাখার কাজেই ব্যবহূত হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) সম্পর্কে সিপিডি বলেছে, গত অর্থবছরে সরকারি-বেসরকারি অংশীদারির বিনিয়োগের জন্য আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও কোনো অর্থই ব্যয় করা সম্ভব হয়নি। এ বছরও তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে সম্প্রতি পিপিপি নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। সেগুলো হলো পিপিপি নীতিমালা ও কৌশল অনুমোদন, ২৩টি প্রকল্প চলতি এডিপিতে অন্তর্ভুক্তকরণ, বাংলাদেশ অবকাঠামো বিনিয়োগ তহবিল গঠন। কিন্তু এখনো পিপিপিকে উপযুক্ত আইনি কাঠামোর মধ্যে আনা হয়নি। এ ছাড়া পিপিপির আওতায় প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের জন্য মূল্য নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ নীতিমালাও করা হয়নি। পিপিপি অফিস করার কথা থাকলেও তা এখনো করা হয়নি। অধিকন্তু পিপিপিভুক্ত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা প্রশাসনিক জটিলতা বাড়িয়ে দিচ্ছে। পিপিপি-কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের জন্য প্রয়োজনীয় দক্ষ লোকবলের অভাব রয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সম্পর্কে সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অংশীদারি বাড়লেও বাস্তবায়ন সন্তোষজনক নয়। ২০১০-১১ অর্থবছরে প্রক্ষেপিত জিডিপির প্রায় ৪ দশমিক ৯ শতাংশ বিনিয়োগ হচ্ছে এডিপির মাধ্যমে। ১০ বছর আগেও এর পরিমাণ ৬ শতাংশের বেশি ছিল। কয়েক বছরের এডিপি বিশ্লেষণ করে সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগ আকৃষ্ট করার জন্য জ্বালানি সংকট নিরসণে বিদ্যুৎ খাতে সরকারি বিনিয়োগ কমে গেছে। আবার বিদ্যুৎ খাতে ব্যয়ের চিত্রও একই রকম।