নিম্ন বিনিয়োগের ফাঁদে আটক বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন বিনিয়োগের ফাঁদে আটকা পড়েছে বাংলাদেশ। বছরের পর বছর ধরে দেশের বিনিয়োগ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৫ দশমিক ২ শতাংশে স্থির হয়ে আছে। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের যে মাথাপিছু আয়, সে অনুযায়ী এ দেশে বিনিয়োগের হার হওয়া উচিত ৩১ দশমিক ৪ শতাংশ। বিনিয়োগ ঘাটতির পরিমাণ ৬ দশমিক ২ শতাংশ। এই বিনিয়োগ-ফাঁদ থেকে উত্তরণ ঘটানোই দেশের বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বিশ্বব্যাংক। বাংলাদেশে বিনিয়োগের কয়েকটি প্রতিবন্ধকতাও চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। এগুলো হলো জমির স্বল্পতা, বিদ্যুৎ ও গ্যাস-সংকট, অনমনীয় শ্রমবাজার এবং লাল ফিতার দৌরাত্ম্য।বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতির ওপর একটি বিশেষ প্রতিবেদন তৈরি করে এ কথা বলেছে। সম্প্রতি ‘বাংলাদেশের উন্নয়ন: হালনাগাদ’ নামের এই প্রতিবেদনটি গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, চার বছর ধরেই দেশে গড়ে ৬ দশমিক ১ শতাংশ হারে জিডিপির প্রবৃদ্ধি হচ্ছে। কিন্তু কর্মসংস্থানের প্রবৃদ্ধি কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না। তবে এ ক্ষেত্রে যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, দেশে বেকার মানুষের হার ৫ শতাংশের কিছু বেশি। তবে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এ হার হবে ১৪ দশমিক ২ শতাংশ। প্রতিবছর দেশে নতুন করে যুক্ত হচ্ছে আরও ১৩ লাখ কর্মসংস্থানপ্রত্যাশী মানুষ।বিশ্বব্যাংকের প্রস্তাব: দেড় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় বিনিয়োগ আকর্ষণে সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব তুলে ধরেছে বিশ্বব্যাংক। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বিইজেডএ) রাষ্ট্রমালিকানাধীন লোকসানি প্রতিষ্ঠানগুলো এবং মৃতপ্রায় চা-বাগানের ৪০ হাজার একর জায়গা অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দ দিতে পারে। বিইজেডএ এই জায়গায় অবকাঠামো তৈরি করবে।এসব স্থানে বিনিয়োগের জন্য অতিরিক্ত পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। সরকারি-বেসরকারি অংশীদারি বা পিপিপি কার্যালয়কে এর দরপত্র-প্রক্রিয়ার কাজ দেওয়া যেতে পারে। এতে বিদ্যুৎ উৎপাদনের কাজ দ্রুত শুরু হবে।বাংলাদেশে ব্যবসা করার ব্যয়ও অনেক বেশি। সে কারণে বাংলাদেশ ব্যাংককে ব্যবসার ব্যয় কমানোর পদক্ষেপ নিতে হবে। যেমনটা নিয়েছে চীন ও ভারত। এ ক্ষেত্রে চীন ও ভারতের নীতি অনুসরণ করতে পারে। সবশেষে বিশ্বব্যাংক বিশ্বের কাছে বাংলাদেশের ভারমূর্তি বাড়ানোর সুপারিশ করেছে। আর বাংলাদেশকে ‘ব্র্যান্ডিং’-এর কাজটি বিনিয়োগ বোর্ডকে করতে হবে।অর্থনৈতিক ঝুঁকি ছয়টি: বিশ্বব্যাংক মনে করে, সামনের দিনগুলোতে বাংলাদেশ ছয়টি অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়তে পারে। এগুলো হলো ইউরো অঞ্চলের অর্থনীতি দুর্বল এবং তা থেকে উত্তরণে সময় লাগবে; যুক্তরাষ্ট্রের অর্থনীতির কিছুটা উন্নতি হলেও তা-ও সংকটমুক্ত নয়; শ্রমিক অধিকার নিয়ে বাংলাদেশের জিএসপি বাতিলের আবেদন এবং এটি হলে সারা বিশ্বে এ দেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে; সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রথাগত শ্রমবাজারগুলো পুনরায় চালু হতে অনিশ্চয়তা; আর্থিক খাতের স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ এবং বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা ও সহিংসতা উৎকণ্ঠা তৈরি করেছে, যা অর্থনীতির জন্য বড় ঝুঁকি।বিশ্বব্যাংকের মতে, এসব ঝুঁকি মোকাবিলায় নীতি গ্রহণ করা আর এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতাও পূর্বশর্ত। তা না হলে কোনো কিছুই সফল হবে না।বিশ্বব্যাংক বলছে, পেশাগত দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারলে বাংলাদেশের শ্রমিকদের উৎপাদনক্ষমতা চীনের শ্রমিকদের সমান। কিন্তু এ দেশের শ্রমিকদের মজুরি চীনের পাঁচ ভাগের এক ভাগ। চীন থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে সে দেশটির আট কোটি শ্রমিককে কাজে নেওয়া হচ্ছে। এ থেকে আগামী ১০ বছরে অন্তত দেড় কোটি কর্মসংস্থান বাংলাদেশ নিয়ে নিতে পারে।