নিম্নতম মজুরি বোর্ডের দশম বৈঠক আজ
পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার নিম্নতম মজুরি বোর্ডের দশম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান এ কে রায়।
বোর্ডের গত সভায় দীর্ঘ আলোচনার পর পাঁচ হাজার ৩০০ টাকার খসড়া মজুরি প্রস্তাব করা হয়। তবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে মালিকপক্ষের প্রতিনিধি এতে স্বাক্ষর করেননি। অবশ্য পরে বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা প্রধানমন্ত্রীর আহ্বানে এই মজুরি প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেন।
মজুরি বোর্ড জানায়, ৪ নভেম্বর খসড়া মজুরি প্রস্তাবের গেজেট প্রকাশের পর ১৪ দিন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থেকে লিখিত আপত্তি দেওয়ার সুযোগ ছিল। এই সময়ে বোর্ডে পাঁচ শতাধিক আপত্তি জমাও পড়ে। এর মধ্যে বেশির ভাগ আপত্তি এসেছে পোশাকমালিকদের কাছ থেকে। এ ছাড়া আপত্তি দিয়েছে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন ও বিজিএমইএ।
মজুরি বোর্ডের সচিব সালাহউদ্দীন মাহমুদ বলেন, কালকের (আজ) সভায় মজুরি প্রস্তাব চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে।