বাংলাদেশকে বিদেশি নিম্নমানের পণ্যের ডাম্পিং স্টেশন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, বাংলাদেশ যেন বিদেশি অচল, অগ্রহণযোগ্য ও নিম্নমানের পণ্যের ডাম্পিং স্টেশনে পরিণত না হয় সে বিষয়ে আমদানিকারকসহ সবাইকে সতর্ক থাকতে হবে। বিশ্ব মান দিবস উপলক্ষে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেছেন। রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই মিলনায়তনে গতকাল সোমবার এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে গুণগতমানসম্পন্ন পণ্য উৎপাদন, আমদানি ও রপ্তানির ওপর গুরুত্বারোপ করা হয়। বিএসটিআইর মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সদ্য বিদায়ী শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, এফবিসিসিআইর সহসভাপতি মনোয়ারা হাকিম আলী প্রমুখ বক্তব্য দেন।
বিজ্ঞপ্তি